সব দলের আগে বিএনপিকে নিজ দলে ঐক্য প্রতিষ্ঠার অনুরোধ তথ্যমন্ত্রীর

সব দলের আগে বিএনপিকে নিজ দলে ঐক্য প্রতিষ্ঠা অনুরোধ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

শনিবার বিকেলে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি অনুরোধ জানান।

তথ্যমন্ত্রী বলেন, ‘আপনারা সব সময় সব দলকে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেন, কিন্তু নিজের দলের মধ্যে কোনো ঐক্য নেই। বিএনপিকে অনুরোধ জানাবো- সব দলের ঐক্য নয়, আগে নিজের দলে ঐক্য প্রতিষ্ঠিত করুন।’

তিনি বলেন, ‘বিএনপির নেতারা নাকি বলেছেন অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে সব দলকে ঐক্যবদ্ধ হতে হবে। অথচ বিএনপির জন্মটাই হয়েছে অগণতান্ত্রিকভাবে। বিএনপি যে অবৈধভাবে জন্মলাভ করেছে, সেটা হাইকোর্টের রায়েও বলা হয়েছে। যে দলটির জন্মটাই অবৈধ, সে আবার অপরের বৈধতা নিয়ে প্রশ্ন তোলে- এটি সত্যিই হাস্যকর।’

হাছান মাহমুদ বলেন, ‘আমাদের রাঙ্গুনিয়ায়ও দেখুন বিএনপি তিন ভাগে বিভক্ত। কেন্দ্রীয়ভাবেও বিএনপির এক নেতা একটি কথা বলেন, কিছুক্ষণ পর আরেক নেতা আরেকটি কথা বলেন। এভাবে তাদের নিজেদের মধ্যেও ঐক্য নাই। আবার তারা সব দলের ঐক্যের কথা বলেন।’

তিনি বলেন, তাদের জোটভুক্ত একটি দল আছে ‘ঐক্য প্রক্রিয়া’। অর্থাৎ ঐক্য নাই বলে ঐক্য প্রক্রিয়া চালাতে চাচ্ছেন তারা। সুতরাং বিএনপি ও তার মিত্রদের এ সমস্ত বক্তব্য হাস্যকর।

এ সময় তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে বাংলাদেশ বদলে গেছে।  স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। খাদ্য ঘাটতির দেশ থেকে খাদ্য উদ্বৃত্তের দেশে রূপান্তরিত হয়েছে।

তিনি বলেন, এই করোনাকালেও বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় বেড়েছে। পাকিস্তানকে আমরা অনেক আগেই ছাড়িয়ে গেছি। বর্তমানে আমাদের মাথাপিছু আয় ভারতকেও ছাড়িয়ে গেছে। বাংলাদেশের মানুষের এখন মাথাপিছু আয় ২ হাজার ২২৭ মার্কিন ডলার।

হাছান মাহমুদ বলেন, ‘এই করোনাকালে যেখানে পৃথিবীর সবক’টি দেশে মাথাপিছু আয় কমেছে, অর্থনীতি সংকুচিত হয়েছে, সেখানে বাংলাদেশের অর্থনীতি ও অর্থনীতির আকার বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে মাথাপিছু আয়ও বৃদ্ধি পেয়েছে।’

উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল মোনাফ সিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদারের পরিচালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ নেতা উপজেলা চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, পৌরসভার মেয়র মো. শাহজাহান সিকদার, জামাল উদ্দিন, আবুল কাশেম চিশতি, কামরুল ইসলাম চৌধুরী, ইদ্রিছ আজগর, নজরুল ইসলাম চৌধুরী, আকতার হোসেন খাঁন, উত্তর জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ নেতা আবু জাফর, লোকমানুল হক তালুকদার প্রমুখ।