ঢাকা লিগে খেলবেন মাশরাফী?

জাতীয় দলের ওয়ানডে অধিনায়কত্ব থেকে অবসর নিলেও মাঠের ক্রিকেটকে বিদায় বলেননি মাশরাফী বিন মোর্ত্তজা। ঘরোয়া ক্রিকেট তো বটেই, জাতীয় দলেও খেলা চালিয়ে যাওয়ার কথা বলেছিলেন তিনি। যদিও অধিনায়কত্ব থেকে সড়ে দাঁড়ানোর পর আর জাতীয় দলে বিবেচিত হননি। তবে গত ডিসেম্বরে সবশেষ ঘরোয়া টুর্নামেন্ট বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে খেলেছেন।

সোমবার থেকে শুরু হচ্ছে ঘরোয়া ক্রিকেটের মর্যাদাপূর্ণ আসর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। সবার প্রশ্ন এই আসরে কি খেলবেন মাশরাফী?

করোনাভাইরাসের কারণে স্থগিত থাকা গত মৌসুমের ঢাকা লিগ নতুন করে শুরু হচ্ছে সোমবার থেকে। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির কথা মাথায় রেখে এবার বদলে গেছে ফরম্যাট। মূলত ওয়ানডে টুর্নামেন্ট হলেও ঢাকা লিগ হবে টি-টোয়েন্টি ফরম্যাটে।

গত বছর মাত্র এক রাউন্ড পরই স্থগিত হয়েছিল আসর। দলগুলো সেবারের স্কোয়াড নিয়েই নামছে এবার। মাশরাফী ছিলেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবে। দলের একমাত্র ম্যাচটি তিনি খেলেছিলেন। ব্যাট হাতে ১ রান করেছিলেন। পরে ৭ ওভার বল করে উইকেটের দেখা পাননি।

সোমবার খেলাঘরের বিপক্ষে শেখ জামাল নিজেদের প্রথম ম্যাচটি খেলবে। দলটি অনুশীলন শুরু করেছে বেশ আগেই। তবে মাশরাফী এখনো অনুশীলনে যোগ দেননি। তাই আসরের শুরু থেকে তাকে পাওয়া নিয়ে রয়েছে সংশয়।

শেখ জামালের অধিনায়ক নুরুল হাসান সোহান সংবাদমাধ্যমকে বলেছেন, ‘মাশরাফী ভাই খেলবেন কি খেলবেন না, তা নিশ্চিত করে বলতে পারছি না। কয়েক দিন পর জানাতে পারব তিনি আদৌ এ বছর খেলবেন কি-না। তবে এখনকার খবর হলো, তিনি এখনো আমাদের দলের সাথে অনুশীলনে যোগ দেননি।’

সংসদ সদস্য মাশরাফী আসলে মাঠের বাইরে অনেকদিন ধরেই। করোনার এই সময়ে নড়াইলে সময় দিয়েছেন বেশি। সোহান বলছিলেন, ‘আমার সাথে কথা হয়েছে, তিনি হ্যাঁ কিংবা না পরিষ্কার করে কিছু বলেননি। শুধু জানিয়েছেন করোনা ও লকডাউনের ভেতর বেশি সময় নড়াইল ছিলেন। এখনো নড়াইলেই অবস্থান করছেন।’