নেতিবাচক চরিত্রে কাজ করতে ভালো লাগে: আনন্দ খালেদ

আনন্দ খালেদ। ছোটপর্দার জনপ্রিয় এই মুখ কাজ করছেন বড়পর্দাতেও। সাম্প্রতিক কাজ নিয়ে তিনি কথা বললেন দেশ রূপান্তরের সঙ্গে।

সাম্প্রতিক কাজ

দু’দিন আগে একটা নাটকের কাজ শেষ করলাম। এখানে আমি একজন ভিলেন হিসেবে অভিনয় করেছি। নাটকের নাম ‘হার্ড টু হার্ড’। ডিরেকশন দিয়েছেন বিইউ শুভ। নায়ক অপূর্ব ভাই। নায়িকা হচ্ছেন সারিকা। দুদিন আগেই কাজ শেষ করেছি এই নাটকের। এটা কোরবানীর ঈদের কাজ। এর আগে কোরাবনীর ঈদের আরেকটা কাজ কাজ করেছি জোভান ও তানজিন তিশার সঙ্গে। এটা কোরবানীর ঈদের দ্বিতীয় কাজ। সামনে আরও কিছু কাজ হবে। ঈদের কাজ।

‘হার্ড টু হার্ড’ -এর চরিত্রটা কেমন?

এখানে কী ধরনের ভিলেন বা বিষয় আশয় কী? সেসব নিয়ে বলতে চাই না। তাতে স্পয়লার হয়ে যাবে। এতটুকু বলা যায়, এখানে বিশ্বাসভঙ্গকারী একজন নেতিবাচক মানুষের চরিত্রে অভিনয় করেছি। যে নারীর প্রতি সহিংস হয়ে উঠে। নারীর সঙ্গে বিরূপ আচরণ করে এমন একটা চরিত্র।

সারিকার সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন?

সারিকা আপার সঙ্গে এটা আমার প্রথম কাজ। সহশিল্পী হিসেবে সারিকা আপুকে আমার অসাধারণ লেগেছে। তিনি খুবই সহযোগী পরায়ণ একজন শিল্পী। মানুষ হিসেবেও ভালো।

জিয়াউল ফারুক অপূর্ব কেমন?

অপূর্ব ভাইকেও আমার কাছে অসাধারণ মানুষ মনে হয়, ভালো অভিনেতা- আমাদের সবার প্রিয়। আমার অভিনয়ের ছোটখাট ভুলত্রুটি তিনি দেখিয়ে দেন। আমাকে সব সময় সাহস দেন। অনুপ্রাণিত করেন আরও ভালো অভিনয় করার জন্য। রীতিমতো তিনি আমাকে ভালো গাইড দেন।  

কোন চরিত্রে অভিনয়ে স্বাচ্ছন্দ্যবোধ করেন- পজিটিভ না নেগেটিভ?

আমার সবটাই ভালো লাগে। নেগেটিভ চরিত্রে কাজ খুব কম করেছি। পজিটিভ চরিত্রেই বেশি কাজ করা হয়েছে। তো নেগেটিভ কাজ যেহেতু কম করা হয়েছে তাই নেগেটিভ চরিত্রের কাজ পেলে বেশ ভালো লাগে। অনেক দিন পরপর একটা দুটো নেগেটিভ চরিত্রের কাজ পাই। তো তখন কাজটা করতে ভালো লাগে।

নতুন সিনেমার কি খবর?

আমি সম্প্রতি অনন্য মামুন ভাইয়ের অমানুষ সিনেমায় কাজ করলাম। মিথিলা আপু, নিরব ভাই রাশেদ মামুন অপুর সঙ্গে কাজ করলাম। ছবিটির প্রথম লটের শুটিং শেষ হয়েছে। দ্বিতীয় লটের শুটিংও শিগগিরই শুরু হবে। করোনা পরিস্থিতির কারণে আমরা বিরতিতে আছি। ‘অমানুষ’ এ কমেডি চরিত্রে অভিনয় করেছি। বেশ মজার। ভালো টুইস্ট আছে। এখানে আমাকে মিথিলা আপুর সঙ্গে দেখা যাবে। কিভাবে দেখা যাবে তা বলতে চাই না। বললে স্পয়লার হয়ে যাবে।

গানের কি খবর?

কিছুদিন আগে আমি একটা গান প্রকাশ করেছি। ইতিমধ্যেই ভালো সাড়া পাচ্ছি। আমি একটা পেইজ করেছি। সেখান থেকে নিয়মিত ফেসবুক লাইভ করি। আমি নিয়মিত আমার পেইজ থেকে লাইভ করি।