স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে চট্টগ্রাম কারাগার থেকে ফেনী কারাগারে স্থানান্তর করা হয়েছে। গতকাল শনিবার দুপুর দেড়টার দিকে তাকে ফেনী জেলা কারাগারে আনা হয়।
ফেনী কারাগারের জেলার শাহাদাত হোসেন দেশ রূপান্তরকে জানান, ঊর্ধ্বতন কর্র্তৃপক্ষের নির্দেশে বাবুল আক্তারকে চট্টগ্রাম কারাগার থেকে ফেনী কারাগারে স্থানান্তর করা হয়।
গত ১২ মে মিতুর বাবা মোশাররফ হোসেনের করা মামলায় বাবুল আক্তারকে গ্রেপ্তার দেখায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এরপর ৫ দিনের রিমান্ড শেষে গত ১৭ মে থেকে বাবুল আক্তার চট্টগ্রাম কারাগারে ছিলেন।
২০১৬ সালের ৫ জুন সকালে নগরীর পাঁচলাইশ থানার ও আর নিজাম রোডে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে বাসার অদূরে গুলি ও ছুরিকাঘাত করে খুন করা হয় মাহমুদা খানম মিতুকে। স্ত্রীকে খুনের ঘটনায় তৎকালীন এসপি বাবুল আক্তার বাদী হয়ে নগরীর পাঁচলাইশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর খুনের সঙ্গে বাবুল আক্তার জড়িত, এই গুঞ্জন ছড়িয়ে পড়ে। চলতি বছরের ১১ মে বাবুল আক্তারকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পিবিআই। তদন্তে বাবুল আক্তারের সম্পৃক্ততা পাওয়ায় তার বিরুদ্ধে মামলা দায়েরের লক্ষ্যে ১২ মে ওই মামলার চূড়ান্ত প্রতিবেদন আদালতে জমা দেয় পিবিআই। ওই দিনই মিতুর বাবা মোশাররফ হোসেন বাদী হয়ে নগরীর পাঁচলাইশ থানায় বাবুল আক্তারসহ ৮ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।