রাজধানীর মোহাম্মদপুরের একটি টিনশেড বাসার আগুনে শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছে। শনিবার ভোররাত পৌনে ৩টার দিকে নবোদয় হাউজিংয়ের সি ব্লকের দুই নম্বর টিনশেড বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তারা হলেনÑ মো. সোহেল (৩৫), তার স্ত্রী লাবণী আক্তার হাওয়া (২৫) ও তাদের দুই বছরের ছেলে মো. মোসালিন।
চিকিৎসকরা বলছেন, আগুনে সোহেলের শরীরে ৭৫ শতাংশ দগ্ধ, লাবণীর ৩০ ও মোসালিন ৮০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক।
তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া প্রতিবেশী ভাড়াটিয়া মো. কবির হোসেন জানান, রাত ৩টার দিকে তাদের রুমের ভেতরে চিৎকার শুনতে পাই। পরে আমরা ঘুম থেকে উঠে তাদের রুমের সামনে গিয়ে দেখি রুমের ভেতর আগুন জ্বলছে। সোহেল ও লাবণী রুমের বাইরে থাকলেও তাদের শরীরে আগুন জ্বলছিল। আর বাচ্চাটি রুমের ভেতরেই ছিল। তখন আমরা বাচ্চাটিকে রুমের ভেতর থেকে বাইরে বের করি। এরপর তাদেরকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে আসি।
দগ্ধ লাবণী জানায়, দুই মাস আগে তারা এই বাসায় ভাড়া ওঠেন। কীভাবে এই আগুন লেগেছে তা বলতে পারছেন না। তবে জানালা দিয়ে আগুনের কু-লী রুমের ভেতরে ঢুকেছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের ডিউটি অফিসার মাহফুজ রিবেন জানান, রাত পৌনে ৩টার দিকে আগুন লাগার খবর পেয়ে আমাদের মোহাম্মদপুর স্টেশনের ৩টি ইউনিট ঘটনাস্থলে যায়। কিন্তু তারা যাওয়ার আগেই আগুন নিভে গেছে। প্রাথমিকভাবে জানা গেছে, গ্যাসলাইন লিকেজ হওয়ায় রুমের ভেতর জমাট গ্যাস মশার কয়েলের সংস্পর্শে এসে আগুনের সূত্রপাত হয়।