মুক্তিযুদ্ধের চেতনায় কঠিন ঐক্য গড়ে তুলতে হবে

মুক্তিযুদ্ধের চেতনায় কঠিন ঐক্য গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, ‘দেশ ও স্বাধীনতাবিরোধীদের সঙ্গে কোনো সখ্য হতে পারে না। স্বাধীনতাবিরোধীদের সঙ্গে ঐক্য হলে ৩০ লাখ শহীদকে অপমান করা হবে। স্বাধীনতাবিরোধী শক্তিরা ধর্মকে পুঁজি করে দেশের ক্ষমতা কুক্ষিগত করেছিল।’

গতকাল শনিবার সকালে দিনাজপুরের বিরল উপজেলা পরিষদ কমপ্লেক্সের হলরুমে উপজেলা প্রশাসন ও বন বিভাগ আয়োজিত উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের আওতায় স্থানীয় জনগোষ্ঠীর উদ্যোগে সৃজিত বাগানের লভ্যাংশ বিতরণ ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জিয়া-খালেদা-এরশাদ বিসমিল্লাহ দিয়ে শুরু করে সমস্ত কাজ নাউজুবিল্লাহ দিয়ে শেষ করেছে। তারা ধর্মের কথা বলে কিন্তু ধর্মের জন্য কিছুই করেনি। যা করেছে আওয়ামী লীগ সরকারই করেছে। মানুষ নিজের ধর্মকে যেন ঠিকমতো জানতে পারে, সে জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশন ও মাদ্রাসা বোর্ড প্রতিষ্ঠা করেছিলেন। তার যোগ্য উত্তরসূরি মানবতার মা জননেত্রী শেখ হাসিনা কওমি মাদ্রাসা শিক্ষাকে স্বীকৃতি দেওয়াসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় প্রায় সাড়ে পাঁচশ মডেল মসজিদ নির্মাণ করেছেন।

বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনাত রহমানের সভাপতিত্বে ও দিনাজপুর বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা সাদেকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এ.কে.এম মোস্তাফিজুর রহমান বাবু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র সবুজার সিদ্দিক সাগর, সাধারণ সম্পাদক রমা কান্ত রায়, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক আজাহার আলী পাটোয়ারী, থানার অফিসার ইনচার্জ ফখরুল ইসলাম এবং উপকারভোগীর পক্ষে শফিউল আলম প্রমুখ।