সেমিনারে স্পিকার

পরিবার পরিকল্পনা কার্যক্রমে সবাইকে যুক্ত থাকতে হবে

সরকারের পরিবার পরিকল্পনা কার্যক্রমের সঙ্গে সবাইকে যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যন্ত অঞ্চলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নারী শিক্ষার্থীদের জন্য টয়লেট স্থাপনসহ যুগোপযোগী আরও উদ্যোগ গ্রহণ করেছেন। সরকারের পরিবার পরিকল্পনাসংক্রান্ত কার্যক্রমের সঙ্গে সবাইকে সংযুক্ত হতে হবে।’

গতকাল শনিবার ‘মিন্সট্রুয়াল হেলথ অ্যাওয়্যারনেস উইক’ উপলক্ষে এক ভার্চুয়াল অনুষ্ঠানে স্পিকার শিরীন শারমিন চৌধুরী এমন আহ্বান জানান। শিরীন শারমিন বলেন, ‘নারীর সুস্বাস্থ্য ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’ নারী অধিকার নিয়ে কাজ করা ‘ট্র্যাভেলেটস অব বাংলাদেশ-ভ্রমণকন্যা’ ওই অনুষ্ঠানের আয়োজন করে বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

স্পিকার বলেন, নারীর প্রজনন স্বাস্থ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মৌলিক বিষয়। ভ্রমণকন্যা নারী স্বাস্থ্যের বিষয়টি গুরুত্ব দিয়ে এ পর্যন্ত বাংলাদেশের ১০২টি প্রতিষ্ঠানের প্রায় ৫২ হাজার শিক্ষার্থীর মাঝে নারীর ক্ষমতায়ন, নারীর অধিকার ইত্যাদি বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে, যা অত্যন্ত প্রশংসনীয়।