গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার বিশ্বাসপাড়া চন্দ্রায় অবস্থিত স্টারলিং ডিজাইন্স লিমিটেড নামে একটি পোশাক কারখানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের হুমকির অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে গত শনিবার গাজীপুরের কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে কারখানা কর্র্তৃপক্ষ। এর আগে গত ঈদুল ফিতরের ছুটিকে কেন্দ্র করে কারখানাটিতে শ্রমিক অসন্তোষ দেখা দেয়। এ সময় শ্রমিকরা কারখানায় ভাঙচুর করেছে বলে অভিযোগ করা হয়।
সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়েছে, গেল ঈদুল ফিতরে অতিরিক্ত ছুটির দাবিতে মিরপুর ও আশুলিয়ায় আন্দোলন করে গার্মেন্টস শ্রমিকরা। উদ্ভূত পরিস্থিতিতে মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে শ্রম মন্ত্রণালয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকারের নির্দেশিত তিন দিনের পরেও অতিরিক্ত ছুটি দেওয়া যাবে বলে জানান শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান। তবে শ্রমিকদের কর্মস্থলেই থাকতে হবে বলেও শর্ত দেওয়া হয়।
শ্রম প্রতিমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী স্টারলিং ডিজাইন্স লিমিটেড কর্র্তৃপক্ষ ঈদের ছুটি তিন দিনের সঙ্গে মিলিয়ে আরও পাঁচ দিন সমন্বয়ের মাধ্যমে আট দিন ছুটি ঘোষণা করে। কারখানাটির দাবি, শ্রমিকরা আট দিনের ছুটি প্রত্যক্ষণ করে ১০ দিনের ছুটি দাবি করে আন্দোলনে নামে। এ সময় তারা কাজে যোগ না দিয়ে কারখানায় ভাঙচুর করে। বিজ্ঞপ্তি।