মঞ্চের জনপ্রিয় অভিনেত্রী জ্যোতি সিনহা এবার নাম লেখালেন চলচ্চিত্র অভিনয়ে। একটি স্বল্পদৈর্ঘ্য এবং একটি মুক্তদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করলেন তিনি। মুক্তদৈর্ঘ্যটির নাম ‘আলো আমার আলো’ ও স্বল্পদৈর্ঘ্যটির নাম ‘আজ দীপার সবকিছু ভালো লাগছে’।
জ্যোতি সিনহা বলেন, ‘আমি মনে করি, খুবই মানবিক গল্প নিয়ে এই দুটি সিনেমা। গভীরভাবে দর্শকদের হৃদয় স্পর্শ করবে। আর অভিনয়ে আমি আপ্রাণ চেষ্টা করেছি, ভালো করার। দর্শকই বলবেন।’
দুটি সিনেমারই গল্প-চিত্রনাট্য-সংলাপ লিখেছেন শুভাশিস সিনহা। সিনেমাটোগ্রাফি বা চিত্রগ্রহণে আছেন আবিদ মল্লিক। এছাড়াও কার্যনির্বাহী প্রযোজক উত্তম কুমার সিংহ, কণ্ঠসঙ্গীতে শর্মিলা সিনহা, শিল্প নির্দেশনায় সজল কান্তি সিংহ, পোশাক ও রূপসজ্জায় স্বর্ণালী সিনহা, সহযোগী শ্যামলী ও আশা, ব্যবস্থাপনায় সুশান্ত, সৌরভ, অঞ্জন। 'তাহারা' নামের এক নতুন অডিও-ভিজুয়াল প্ল্যাটফর্ম থেকে সিনেমা দুটি নির্মিত হয়েছে। সিনেমা দুটি প্রকাশের জন্য ওটিটি প্ল্যাটফর্মের সাথে আলাপ চলছে বলেও জানালেন জ্যোতি।
‘আলো আমার আলো' নামের মুক্তদৈর্ঘ্য সিনেমাটি আলো নামের একটি পঙ্গু মেয়ের সত্যিকারের গল্প নিয়ে। সেখানে জ্যোতি অভিনীত চরিত্রের নাম রূপা। রূপা যখন শহরজীবনে সম্পর্ক-চাকরি নানা বিষয়ে সমস্যায় জর্জরিত, সেসব নিয়ে ফেসবুকে পোস্ট দেয়, এমন সময় আলো নামের একটি মেয়ের টেক্সট আসে মেসেঞ্জারে। সে বলে, তার দুঃখের কাছে পৃথিবীর আর সব দুঃখ তুচ্ছ। রূপা আর আলোর মধ্যে একটা ভার্চুয়াল গভীর সম্পর্ক গড়ে ওঠে। আলোর করুণ গল্প শুনে রূপা ভুলে যায় নিজের জীবনের যন্ত্রণা। একদিন রূপা চলে যায় আলোর কাছে। দুজনে মিলে মুক্তির স্বাদ খুঁজে পায়। কিন্তু এর মধ্যে রূপার সংকটগুলো বাধা হয়ে দাঁড়ায়। শেষ পর্যন্ত রূপা কি পারবে আলোর জীবনে প্রকৃত সহযাত্রী হয়ে থাকতে? মানবিকতার এমন টানাপোড়েন নিয়েই এই সিনেমা। আলোর ভূমিকায় অভিনয় করছেন অপর্ণা বন্দনা। মূলত বন্দনার সত্যিকারের কাহিনি নিয়েই সিনেমাটি বানানো। আরও অভিনয় করছেন বিধান সিংহ, ইপা বড়ুয়া, বিলকিস বেগম প্রমুখ।
অপরদিকে স্বল্পদৈর্ঘ্য সিনেমাটির নাম 'আজ দীপার সবকিছু ভালো লাগছে'। ধর্ষণ একটি মেয়ের জীবনে কী বিপর্যয় তৈরি করে, সেটাই এ সিনেমার মূল গল্প। ধর্ষিত দীপার পরবর্তী একটা দিনের ভোর থেকে রাত অবধি ভারসাম্যহীন ক্রিয়াকলাপ একেবারেই ভিন্নভাবে দেখানোর চেষ্টা করা হয়েছে এখানে। নিজেকে ভালো স্বাভাবিক রাখার অস্বাভাবিক চেষ্টার মধ্য দিয়ে এক সময় দীপা প্রস্তুতি নিতে থাকে চরম প্রতিশোধের। কিন্তু দীপা কি পারবে? এখানে দীপার ভূমিকায় থাকবেন জ্যোতি।
উল্লেখ্য, ছোটবেলা থেকে জ্যোতি থিয়েটারের একজন সক্রিয় শিল্পী। কহে বীরাঙ্গনা, হ্যাপি ডেজ, রুধিররঙ্গিণী, লেইমা, ও মন পাহিয়া প্রভৃতি তার আলোচিত মঞ্চনাটক।