সুনামগঞ্জের যাদুকাটা নদীতে ঝড়ে নৌকা ডুবে মাঝি নিখোঁজ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তে যাদুকাটা নদীতে স্রোতে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে হারিছ মিয়া (৩২) নামে এক মাঝি নিখোঁজ হয়েছেন।

এ সময় নৌকায় থাকা আরও তিনজন স্রোতের তোড়ে ডুবে গেলে স্থানীয়রা তাদের উদ্ধার করে।

সোমবার সকালে যাদুকাটা নদীর বারেকটিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ হারিছ মিয়া উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের বড়গোফ টিলার মৃত নুর ইসলামের ছেলে। তিনি বড়গোফ টিলা খেয়া নৌকার মাঝি। তাকে উদ্ধারে পুলিশ, বিজিবি, ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয় লোকজন অভিযান পরিচালনা করছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার ভোরে ভারতের মেঘালয় এলাকার পাহাড় থেকে পানিতে ভেসে আসা লাকড়ি ধরতে যাদুকাটা নদীতে গিয়েছিলেন হারিছ মিয়া ও একই গ্রামের অলফাত আলীর ছেলে আব্দুর ছত্তার (৩৫), মৃত ফজলুল হকের ছেলে রহিছ মিয়া (৩৫) ও মৃত জবর আলীর ছেলে মফিজ মিয়া (৪৫)। এ সময় ঝড় শুরু হয়।

স্রোতের তোড়ে তাদের নৌকা নদীর পানিতে ডুবে যায়। নদীতে থাকা অন্যান্য লোকজনের সহযোগিতায় সাঁতরে হারিছ মিয়ার তিন সহযোগী নদীর তীরে উঠলেও তিনি উঠতে পারেননি। স্থানীয় লোকজন অনেক চেষ্টা করেও তাকে উদ্ধার করতে পারেনি।

খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য সম্রাট মিয়াসহ হারিছের স্বজনরা তাকে উদ্ধার করতে নদীতে খোঁজ অব্যাহত রেখেছেন।

তাহিরপুর থানার ওসি আব্দুল লতিফ তরফদার বলেন, ‘হারিছ মিয়ার খোঁজে তার স্বজনদের পাশাপাশি পুলিশের একটি দল উদ্ধার অভিযানে অংশ নিয়েছে। বিশ্বম্ভরপুর উপজেলার ফায়ার সার্ভিসের লোকজন ও বিজিবির সদস্যরাও উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে।’