নারায়ণগঞ্জের ফতুল্লায় ঝগড়ার একপর্যায়ে স্ত্রীর ধাক্কায় ইজিবাইক থেকে পড়ে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে একজন নিহত হয়েছেন। রবিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের কড়ইতলা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুলিশ মর্গে প্রেরণ করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুজ্জামান জানান, শিবু মার্কেট থেকে ইজিবাইকে (ব্যাটারিচালিত অটোরিকশা) ওঠেন স্বামী-স্ত্রী। চলতি পথে তাদের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে কথা-কাটাকাটি হচ্ছিল। এক সময় স্ত্রী তার স্বামীকে ধাক্কা দিয়ে ইজিবাইক থেকে ফেলে দেন। এ সময় দ্রুতগতির এক কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই স্বামী মারা যান।
ঘটনার পর পরই স্ত্রী সেখান থেকে পালিয়ে যায়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এখনো নিহত ব্যক্তির কোনো পরিচয় পাওয়া যায়নি।
তবে কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে। ওই গাড়ির চালক এখনো পলাতক।
ওসি বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি, শিবুমার্কেট থেকে স্বামী-স্ত্রী দুজন যাত্রী উঠে সাইনবোর্ডের দিকে রওনা হয়। পথে তাদের মধ্যে বাগ্বিতণ্ডা হয় এবং একপর্যায়ে কড়ইতলা এলাকায় আসলে স্ত্রী তার স্বামীকে ধাক্কা দেয়, এ সময় স্বামী পড়ে গিয়ে
কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। আমরা নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত, সেই সঙ্গে স্ত্রীকে আটক করার চেষ্টা অব্যাহত আছে।
নারায়ণগঞ্জ ১শ’ শয্যা জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আসাদুজ্জামান জানান, রাতে হসপিটালে একটি সড়ক দুর্ঘটনার লাশ আসে। সকাল পর্যন্ত লাশের পরিচয় শনাক্ত হয়নি। তা ছাড়া আমরা এখনো পোস্টমর্টেমর জন্য পুলিশের অনুমতি পাইনি।