নরসিংদী শহরের একটি আবাসিক হোটেল থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার বিকেলে শহরের বাজির মোড়ের নিরালা আবাসিক হোটেলের নিচতলার একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
হোটেলের রেজিস্ট্রার খাতা অনুযায়ী নিহতের নাম রেহেনা আক্তার (৩০)। তিনি নরসিংদী জেলার ডৌকাডি গ্রামের আবু তাহেরের মেয়ে।
নরসিংদী সদর মডেল থানা-পুলিশ জানায়, রবিবার সন্ধ্যায় এক নারী নিরালা আবাসিক হোটেলে থাকার জন্য একটি রুম নিতে আসে। তিনি হোটেলের ম্যানেজারকে গাজীপুর থেকে আসছেন বলে জানান। তিনি জানান রাত হওয়ার কারণে একা বাড়িতে যেতে পারছেন না। হোটেলের ম্যানেজারকে তিনি কোনো পরিচয়পত্রও দিতে পারেনি। নারী হওয়ার কারণে তাকে হোটেলের নিচতলার একটি কক্ষে থাকতে দেয়া হয়। সোমবার দুপুর হয়ে গেলেও রুম থেকে ওই নারী বের হচ্ছিলেন না। পরে হোটেলের কর্মীরা দরজার ফাঁক দিয়ে জানালায় নারীর ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে পুলিশকে খবর দেয়। পুলিশ রুমের দরজা ভেঙে জানালার সাথে ফাঁস লাগানো অবস্থায় নারীর মরদেহ উদ্ধার করে ।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আতাউর রহমান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হোটেলের রেজিস্ট্রার খাতায় যে পরিচয় পাওয়া গিয়েছে তা সঠিক কিনা তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য হোটেলের ম্যানেজার নাদিম আহমেদকে থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।