নিজ ঘর থেকে পুলিশ ইন্সপেক্টরের অর্ধগলিত লাশ উদ্ধার

ফেনী জেলা পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর সফিকুল আজম সফিকের (৪৫) অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে।  

সোমবার বিকেলে শহরের মধ্যম চাড়িপুর এলাকার চৌধুরী পাড়ার আশিক মঞ্জিলের ভাড়া ঘর থেকে সফিকের মরদেহটি উদ্ধার করা হয়। তার বাড়ি টাঙ্গাইল জেলায়। হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

ফেনীর ওসি (ডিবি) সাইফুল ইসলাম জানান, ট্রাফিক ইন্সপেক্টর সফিকুল আজম একা থাকতেন। গত শুক্রবার রাতে সে নিজ কর্মস্থল থেকে বাসায় ফেরেন। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। একপর্যায়ে সোমবার দুপুরে তার ঘর থেকে পচা-দুর্গন্ধ বের হয়। বাড়ির মালিক মনির আহম্মদ খোঁজ নিতে গিয়ে তার ঘরের দরজা বন্ধ দেখতে পান। এ সময় কোনো সাড়া শব্দ না পেয়ে তিনি পুলিশকে খবর দেন। পুলিশ খবর পেয়ে ঘরের দরজা ভেঙে লাশ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।

ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ, র‌্যাব, সিআইডি, পিবিআইসহ আইন-শৃঙ্খলা বাহিনীর একাধিক দল।

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার মাঈনুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করতে পারেন। বিষয়টি ব্যাপকভাবে খতিয়ে দেখা হচ্ছে।