লক্ষ্মীপুরের চররমনী মোহন ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নবগঠিত কমিটিতে ওয়ার্ড যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. হুমায়ূনকে যুগ্ম আহ্বায়ক পদ দেওয়ার প্রতিবাদে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন।
মঙ্গলবার সকালে নিমতলা এলাকায় কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম, মাকছুদ আলম, সদস্য মো. মনির, সাবেক ছাত্রলীগ নেতা মজিদ প্রমুখ।
এ সময় তারা যুবদল নেতাকে স্বেচ্ছাসেবক লীগে কমিটিতে যুগ্ম-আহ্বায়ক করায় ক্ষোভ প্রকাশ করে কমিটি বাতিলের দাবি জানান।
বিক্ষোভকারীদের মধ্যে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম জানান, গত ২৮ মে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন করা হয়। এতে ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. হুমায়ূনকে সেচ্ছাসেবক লীগের কমিটিতে যুগ্ম আহ্বায়ক করা হয়। এ ঘটনায় হতাশ স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ সমর্থিত নেতাকর্মীরা।
স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ আরো দাবি করেন, যুবদল নেতা হুমায়ূন একসময় এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে আওয়ামী লীগ নেতাকর্মীদের মারধর করেছেন। এসব অনুপ্রবেশকারীর কারণে দলের বদনাম হচ্ছে। হাইব্রিড এবং অনুপ্রবেশকারীর মাধ্যমে দলের ক্ষতি হবে বলে জানান বিক্ষোভকারীরা।
লক্ষ্মীপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বেলাল হোসেন বেলাল জানান, ‘আসলে এখানে নাম নিয়ে গড়বড় হয়েছে। যাকে স্বেচ্ছাসেবক লীগের নবগঠিত কমিটিতে রাখা হয়েছে সে যুবদল কর্মী না। এ ঘটনায় এলাকার নেতাকর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিলে আমি নেতৃবৃন্দকে কমিটি স্থগিত রাখতে বলেছি। ঢাকা থেকে এসে তারপর সিদ্ধান্ত নেব’।