রিয়ালে জিদানের স্থলাভিষিক্ত আনচেলত্তি

কার্লো আনচেলত্তিকে কোচ হিসেবে নিয়োগের খবর নিশ্চিত করল রিয়াল মাদ্রিদ। সবশেষ এভারটনের দায়িত্বে থাকা এই কোচ রিয়ালে জিনেদিন জিদানের স্থলাভিষিক্ত হবেন। পরবর্তী তিন মৌসুমের জন্য তার সঙ্গে চুক্তি করতে যাচ্ছে রিয়াল।

রিয়াল তাদের ওয়েবসাইটে এক বিবৃতিতে জানায়, বুধবার রিয়াল মাদ্রিদ সিটিতে আনচেলত্তির সঙ্গে আনুষ্ঠানিক চুক্তির অনুষ্ঠান আয়োজিত হবে। সেখানে উপস্থিত থাকবেন ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ।

এ নিয়ে দ্বিতীয়বারের মতো কোচ হিসেবে সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরতে যাচ্ছেন আনচেলত্তি। প্রথম দফায় ২০১৩ সালে দায়িত্ব নিয়ে দুই বছর কাজ করেন। ২০১৫ সালে চাকরি হারান।

২০১৯ সালের ডিসেম্বরে এভারটনের দায়িত্ব নেন আনচেলত্তি। সদ্য শেষ হওয়া মৌসুমে টেবিলে ১০ থেকে শেষ করে তার দল।

৬১ বছর বয়সী আনচেলত্তি ইউরোপিয়ান শীর্ষ প্রতিযোগিতায় তিনটি শিরোপা জয়ী তিন কোচের একজন। অন্য দুজন হলেন, লিভারপুল কিংবদন্তি বব পেইজলি ও রিয়াল মাদ্রিদের জিনেদিন জিদান।

২৬ বছরের কোচিং ক্যারিয়ারে জুভেন্তাস, চেলসি, পিএসজি এবং বায়ার্ন মিউনিখেরও দায়িত্ব সামলেছেন আনচেলত্তি।