রেস্টুরেন্ট কর্মচারী ধর্ষণের শিকার

খুলনায় রেস্টুরেন্ট কর্মচারী নারীকে ধর্ষণ মামলায় রেস্টুরেন্ট মালিক এনামুল খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার খুলনার ডুমুরিয়া উপজেলা সদর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ভুক্তভোগী নারী হোটেল মালিক এনামুলকে আসামি করে গত সোমবার থানায় মামলা করেন।

পুলিশ জানিয়েছে, ডুমুরিয়া বাসস্ট্যান্ডে ভাই ভাই রেস্টুরেন্টের মালিক এনামুল খান (৩৫) তার হোটেলে কর্মরত রাঁধুনি নারীকে (৩৯) বিভিন্ন সময় উত্ত্যক্ত করে আসছিল। এর জের ধরে গত বছর ১৫ অক্টোবর এনামুল কোমল পানীয়র মধ্যে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে রাঁধুনিকে পান করায়। পান করার কিছু পরে ওই নারী জ্ঞান হারান। পরে এনামুল তাকে ধর্ষণ করে। সর্বশেষ গত ২০ মার্চ ওই নারীকে ধর্ষণের পর তাকে বিয়ে করার কথা বললে এনামুল ছলচাতুরী শুরু করে। একপর্যায়ে ওই নারীকে বিয়ে করতে অস্বীকার করে। ডুমুরিয়া থানার ওসি মো. ওবাইদুর রহমান বলেন, ওই নারীর করা মামলায় আসামিকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। ভিকটিম নারীকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।