বিচারিক আদালতে ভার্চুয়াল উপস্থিতিতে সকল দেওয়ানি ও ফৌজদারি আপিল ও রিভিশন মামলার শুনানি নিয়ে তা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এছাড়া যেসব মামলায় ইতিমধ্যে যুক্তিতর্কের শুনানি বা রায়ের জন্য তারিখ ধার্য হয়েছে সেসব মামলায় পুনরায় তারিখ ধার্য করে নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত থেকে। প্রধান বিচারপতির আদেশক্রমে গতকাল মঙ্গলবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেন।
এতে বলা হয়, করোনাভাইরাসজনিত উদ্ভুত পরিস্থিতিতে দেশের অধস্তন দেওয়ানি ও ফৌজদারি আদালত এবং ট্রাইব্যুনালসমূহ ‘আদালত কর্তৃক তথ্যপ্রযুক্তি ব্যবহার আইন, ২০২০’ এবং এ সংক্রান্ত জারিকৃত বিজ্ঞপ্তি অনুসরণ করে ভার্চুয়াল উপস্থিতিতে সকল প্রকার দেওয়ানি ও ফৌজদারি আপিল/রিভিশন মামলা শুনানি অন্তে নিষ্পত্তি করবেন এবং পক্ষগণের উপস্থিতি বা সাক্ষ্যগ্রহণের আবশ্যকতা নেই এমন দেওয়ানি আপিল/ রিভিশন/ রিভিউ এবং দেওয়ানি মোকদ্দমা/ বিবিধ মামলা নিষ্পত্তি করবেন।