বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু, বাঁচাতে গিয়ে স্ত্রী-নাতি আহত

চাঁদপুরের হাজীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিদ্দিকুর রহমান (৬৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার কালচোঁ উত্তর ইউনিয়নের ছিলাচোঁ গ্রামে এই দুর্ঘটনা ঘটে। এ সময় ছিদ্দিককে বাঁচাতে গিয়ে তার স্ত্রী সালেহা বেগম (৫৫) ও নাতি মেহেদী হাছান (২৪) আহত হন।

আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে সাহেলা বেগমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

কালচোঁ উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মানিক হোসেন প্রধানীয়া জানান, ভবনের পাশে ঝুলে থাকা বৈদ্যুতিক তার সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন ছিদ্দিক। তখন তাকে বাঁচাতে গিয়ে স্ত্রী সালেহা বেগম ও নাতি মেহেদী হাছান বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই বৃদ্ধ ছিদ্দিক মারা যান। তার স্ত্রী সালেহা বেগমের শরীরের বেশির ভাগ অংশই পুড়ে যায়। নাতি মেহেদীও আহত হন। পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।