ঢাকায় পৌঁছেছে মেট্রোরেলের ছয় কোচের আরেক সেট ট্রেন। গতকাল মঙ্গলবার দিয়াবাড়ীর কাছে তুরাগ নদের ঘাটে পৌঁছায় এই ট্রেন। সন্ধ্যা সোয়া ৭টার দিকে দুটি কোচ নিয়ে প্রথম বার্জ এবং পরে অন্য চারটি কোচবাহী বার্জটি রাত ৮টার কিছু আগে জেটির কাছে আসে। এগুলো নোঙর করে রাখা হয়েছে।
ঢাকায় মেট্রোরেল লাইন নির্মাণ ও ট্রেন চালানোর দায়িত্বে নিয়োজিত ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন ছিদ্দিক এ তথ্য জানান। তিনি বলেন, রাতে তুরাগ নদের ঘাটে পৌঁছেছে আরেক সেট ট্রেন। বুধবার আনলোডিংয়ের কাজ শুরু হবে। প্রথম ট্রেনের মতোই ১৯ ধরনের পরীক্ষা শেষে ট্রায়াল রান হবে।
গত ২১ এপ্রিল জাপানের কোবে সমুদ্রবন্দর থেকে যাত্রা শুরু করে দ্বিতীয় মেট্রো ট্রেন সেটবাহী জাহাজ। ৯ মে বাংলাদেশের মোংলা সমুদ্রবন্দরে পৌঁছায় এটি। সেখান থেকে ২৪ মে বার্জে করে নদীপথে ঢাকার উদ্দেশে যাত্রা করে এই ট্রেন সেট।