নরসিংদীর শিবপুরে জুনায়েদ মিয়া (১৩) নামে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে উপজেলার আয়ুবপুর ইউনিয়নের হিজুলিয়া গ্রামের একটি পরিত্যক্ত ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত জুনায়েদ মিয়া উপজেলার আয়ুবপুর ইউনিয়নের হিজুলিয়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে।
এলাকাবাসী জানায়, জুনায়েদ মঙ্গলবার সন্ধ্যায় নিজ বাড়িতে পরিবারের সঙ্গে খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়। এরপর তার আর খোঁজ মেলেনি। সর্বশেষ বুধবার সকালে বাড়ির পাশের এক পুকুর পাড়ে পরিত্যক্ত এক খুপড়িতে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায় স্থানীয়রা। এরপর এলাকাবাসী স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশকে খবর দেয়।
আয়ুবপুর ইউপি চেয়ারম্যান মো. মজিবুর রহমান সরকার বলেন, এই ছেলে গত সপ্তাহেও গাছ থেকে পড়ে আহত হয়। অন্য কোনো ঘটনা বা শত্রুতা আছে বলে মনে হয়নি। এর মধ্যে হুট করে এই অবস্থায় তার লাশ পাওয়াটা রহস্যজনক।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দিন মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ এটা নিয়ে কাজ করছে। পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।