ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসার অপরাধে নারীসহ চারজনকে আটক করেছে বিজিবি।
গত মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত সীমান্তের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, বরিশালের অগৈলঝাড়া উপজেলার রাজিহার গ্রামের পরেশ জয়দার (৫০), মেয়ে দিপালী জয়দার, নড়াইলের কালিয়া উপজেলার বড়নাল গ্রামের করিম মোল্লা (২৪) ও যশোরের চৌগাছা উপজেলার বেড়গোবিন্দ গ্রামের সুরত বিশ্বাস (২৪)। মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক নজরুল ইসলাম খান জানান, সীমান্তের তারকাটা বিহীন এলাকা থেকে অবৈধভাবে ভারত থেকে কয়েক ব্যক্তি বাংলাদেশে প্রবেশ করেছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।
এ সময় মঙ্গলবার রাত ও বুধবার সকালে মাটিলা সীমান্ত থেকে নারীসহ তিনজন ও যাদবপুর সীমান্ত এলাকা থেকে একজনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে বিজিবির পক্ষ থেকে মামলা করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।