নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে ডুবে আমির হামজা (৮) নামে এক মাদ্রাসাশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন এলাকার ৬নং শীতলক্ষ্যা ঘাট থেকে ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরিদল। শিক্ষার্থী আমির হামজা উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ২নং ওয়ার্ড এলাকার আমিনুল ইসলামের ছেলে এবং আল-আরাফা ইসলামিয়া দাখিল মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী।
নেত্রকোনা : নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে তামিম হাসান (১৮ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকালে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় নাজিরপুর ইউনিয়নে দিলড়া গ্রামে খালে শিশুটিকে ভাসতে দেখে বেলা ১১টার দিকে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
তামিম একই উপজেলার সদর ইউনিয়নের খাসপাড়া গ্রামের শামীম মিয়ার সন্তান।
পরিবার সূত্রে জানা যায়, গতকাল সকালে খেলার সময় তামিম নানা বাড়িসংলগ্ন খালে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে শিশুটিকে খালের পানিতে ভাসতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পরিবারের লোকজন। কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত ডা. মৌসুমি করিম মৌরি জানান, বেলা ১১টার দিকে শিশুটিকে হাসপাতালে আনার আগে তার মৃত্যু হয়েছে।