হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার একটি গ্রামে বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের মামলায় উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ইমদাদুর রহমান মুকুলকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বুধবার বিকেলে হবিগঞ্জ সদর উপজেলার মশাজান ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
মুকুল উপজেলার গজনাইপুর ইউনিয়নের সাতাইহাল গ্রামের মৃত সৈয়দুর রহমানের ছেলে। হতদরিদ্রদের চাল আত্মসাতের ঘটনায় গত বছরের শেষদিকে স্থানীয় সরকার মন্ত্রণালয় ইউপি চেয়ারম্যান পদ থেকে তাকে বরখাস্ত করে। রিট করলে উচ্চ আদালতের রায়ও তার বিপক্ষে যায়। একই কারণে উপজেলা আওয়ামী লীগ তাকে সভাপতি পদ থেকে অব্যাহতি দেয়।
নবীগঞ্জ থানার ওসি মো. ডালিম আহমেদ জানান, নোয়াগাঁও গ্রামে গত ৩০ মে ১৩টি বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের মামলার আসামিদের গ্রেপ্তারে তারা সাঁড়াশি অভিযান চালাচ্ছেন। আজ (গতকাল) বিকেলে বাহুবল-হবিগঞ্জ সড়কের মশাজান ব্রিজ এলাকা থেকে আসামি মুকুলকে গ্রেপ্তার করা হয়।