বানারীপাড়ার সৈয়দকাঠী ইউনিয়ন

সরকারি জমিতে বোনকে ঘর বানিয়ে দিয়েছেন চেয়ারম্যান

বরিশালের বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মান্নানের বিরুদ্ধে দুর্যোগসহনীয় ঘর নিজের বোনের নামে বরাদ্দ দেওয়া এবং তা সরকারি খাসজমিতে নির্মাণের অভিযোগ উঠেছে। এ ছাড়া ইউনিয়নের বিভিন্ন উন্নয়নকাজে অনিয়মের অভিযোগ আছে চেয়ারম্যান মান্নানের বিরুদ্ধে।

স্থানীয় সরকার বিভাগ চেয়ারম্যান আবদুল মান্নানের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত এবং নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেও এখনো তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

চেয়ারম্যান মান্নানের বিরুদ্ধে ১৭টি পুরনো সেতুর পোস্ট, বিম, অ্যাঙ্গেল, রডসহ বিভিন্ন মালামাল আত্মসাতের অভিযোগ দিয়েছেন ইউনিয়নের আউয়ার এলাকার বাসিন্দা এইচ এম হাফিজুর রহমান মামুন। এ ছাড়া তার বিরুদ্ধে ইউনিয়নের বিভিন্ন ব্যক্তি অনিয়ম-দুর্নীতির অভিযোগ করেছেন। লিখিত অভিযোগ করার পর নির্বাহী প্রকৌশলী শরীফ মো. জামাল উদ্দিন অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেন। ওই কমিটি তদন্ত করে তার বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পেয়েছে।

এদিকে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের দেওয়া দুর্যোগসহনীয় ঘর নিজের বোনের নামে বরাদ্দ দেওয়ার অভিযোগ আছে। একই সঙ্গে সরকারি নিয়ম অনুযায়ী ওই ঘর পাওয়া ব্যক্তিদের ব্যক্তিগত সম্পত্তিতে নির্মাণ করার কথা। কিন্তু ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান বোনকে ওই ঘর সরকারি খাসজমিতে নির্মাণ করে দিয়েছেন। এ বিষয়ে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দেওয়া হলে বিষয়টি তদন্তের জন্য উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) দায়িত্ব দেওয়া হয়। বানারীপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নিশাত শারমিন তদন্ত করে গত ২৮ মার্চ একটি প্রতিবেদন জমা দেন। ওই তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দুর্যোগসহনীয় ঘর ব্যক্তিমালিকানাধীন জমির ওপর নির্মাণের জন্য। চেয়ারম্যান আবদুল মান্নান অবৈধভাবে সরকারি খাসজমিতে বোনের নামে ঘর বরাদ্দ দিয়েছেন।

এসব ব্যাপারে কথা বলতে সৈয়দকাঠী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মান্নানের মুঠোফোনে কয়েকবার কল দিলেও তিনি তা রিসিভ না করায় কথা বলা সম্ভব হয়নি।

বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহা বলেন, স্থানীয় সরকার বিভাগ সৈয়দকাঠী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মান্নানের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে। এখন ব্যবস্থা নেওয়া হবে।