গত মাসে মালদ্বীপে হওয়ার কথা ছিল এএফসি কাপের ‘ডি’ গ্রুপের খেলা। করোনা সংক্রমণ বাড়ায় সেটা স্থগিত করে এএফসি। এরপর তারা নতুন তারিখ দিয়েছিল ৩০ জুন থেকে ৬ জুলাই। অংশগ্রহণকারী দলগুলোকে ভেন্যু হওয়ার প্রস্তাবও দিয়েছিল তারা। কিন্তু এই তারিখ দেখেই পাল্টা চিঠি দেয় বাংলাদেশ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। তারা জানায়, নতুন সূচি বাংলাদেশের ঘরোয়া লিগের সঙ্গে সাংঘর্ষিক হয়ে যাচ্ছে। এ সময় খেলা হলে লিগ বন্ধ রাখতে হবে, যা কেবল কিংস নয় অংশগ্রহণকারী বাকি ১২ দলের জন্যই ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। কিংস অনুরোধ করে আগস্টে এএফসি কাপের খেলাগুলো আয়োজন করতে। কিংসের সেই অনুরোধ বিবেচনায় এনে গতকাল নতুন সূচি প্রকাশ করেছে। খেলাগুলো হবে আগস্টে।
১৫ আগস্ট ভারতের বেঙ্গালুরু এফসি ও মালদ্বীপের ঈগলস এফসির প্লে-অফ ম্যাচটি। সেই ম্যাচের বিজয়ী সুযোগ পাবে গ্রুপপর্বে, যা ১৮ আগস্ট শুরু হয়ে শেষ হবে ২৪ আগস্ট। ‘ডি’ গ্রুপে আগে থেকেই আছে বসুন্ধরা কিংস, ভারতের এ টি কে মোহনবাগান ও মালদ্বীপের মাজিয়া। নতুন সূচি অনুযায়ী কিংস তাদের প্রথম ম্যাচ খেলবে ১৮ আগস্ট মাজিয়ার বিপক্ষে। ২১ আগস্ট দ্বিতীয় ম্যাচটি প্লে-অফ বিজয়ীর বিপক্ষে। আর ২৪ আগস্ট তাদের প্রতিপক্ষ মোহনবাগান। খেলাগুলো হবে সেন্ট্রালাইজড ভেন্যুতে। তবে ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি।
কিংস সভাপতি ইমরুল হাসান এএফসিকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমাদের চিঠির পরিপ্রেক্ষিতে এএফসি কাপের খেলা আগস্ট মাসে নিয়ে যাওয়ার সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। কারণ এতে বাংলাদেশ প্রিমিয়ার লিগের সব খেলা যথাসময়ে শেষ হবে। বাংলাদেশের সব ক্লাব আর্থিকভাবে লাভবান হবে এবং সুষ্ঠুভাবে পরিকল্পনা করতে পারবে।’ ইমরুল আরও জানান, খেলা আগস্টে হওয়ায় এখন তারা ‘ডি’ গ্রুপের আয়োজক হওয়ার আবেদন করবেন।