অক্সফোর্ডের কোভিশিল্ডের পর রাশিয়ার স্পুটনিক ভি ভ্যাকসিন ভারতে তৈরির ‘টেস্ট লাইসেন্স’ চেয়েছে সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া।
অনুমতি পেলে এটি হবে ভারতে উৎপাদিত তৃতীয় ভ্যাকসিন। দেশটি ভারত বায়োটেক থেকে আরেকটি ভ্যাকসিন তৈরি করছে।
এই মুহূর্তে ভারতে ডক্টর রেড্ডিজ ল্যাবরেটরিতে তৈরি হচ্ছে রাশিয়ার স্পুটনিক ভি টিকা। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সেই টিকা তৈরির আগে পরীক্ষা ও পর্যবেক্ষণের অনুমতি চেয়েছে সেরাম।
বুধবার ভারতের ড্রাগ কন্ট্রোলার জেনারেলের কাছে সেরাম আবেদনপত্র পাঠিয়েছে। যদিও এই বিষয়ে ড্রাগ কন্ট্রোলারের পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি।
সেরামের সিইও আদর পুনেওয়ালা ইতিমধ্যে কেন্দ্রকে জানিয়েছেন, জুন মাসে ১০ কোটি কোভিশিল্ড টিকা তৈরি করতে পারবে সেরাম। আগামী দিনে কোভিশিল্ডের উৎপাদনের লক্ষ্যমাত্রা আরও বাড়বে বলেই জানিয়েছে সেরাম।
তার মধ্যেই এবার স্পুটনিক ভি টিকা তৈরির আবেদন করল তারা।
ভারতে করোনাভাইরাস (কভিড-১৯) মহামারীর দ্বিতীয় ঢেউয়ের ভয়াবহতা এখনো অব্যাহত রয়েছে। মৃত্যু কিছুটা কমলেও বেড়েছে সংক্রমণ।
গত ২৪ ঘণ্টায় দেশটি করোনায় মৃত্যু হয়েছে ২ হাজার ৮৮৭ জনের। একই সময়ে সংক্রমিত হয়েছেন ১ লাখ ৩৪ হাজার ১৫৪ জন।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বৃহস্পতিবারের দেওয়া হিসাব অনুযায়ী, এ নিয়ে দেশটিতে মোট সংক্রমণ দাঁড়িয়েছে ২ কোটি ৮৪ লাখ ৪১ হাজার ৯৮৬ জনে। এখন পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ৩৭ হাজার ৯৮৯ জন।