২০২০ সালে সাড়ে চার হাজারের বেশি বাংলাদেশি বিভিন্ন উপায়ে ইউরোপে প্রবেশ করেছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।
ডিসপ্লেসমেন্ট ট্র্যাকিং ম্যাট্রিক্সের (ডিটিএম) তথ্য উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়েছে, সমুদ্র এবং স্থল পথে ৪ হাজার ৫১০ জন বাংলাদেশি ইতালি, মালটা, স্পেন অথবা গ্রিসে প্রবেশ করেছেন।
গত বছর সবচেয়ে বেশি মানুষ গেছেন ইতালিতে-৪ হাজার ১৪১ জন। পাশাপাশি ২৮০ জন গেছেন মালটায়, ৮১ জন স্পেনে, ৮ জন গ্রিসে।
এছাড়া একই বছর পশ্চিম বলকান (ডব্লিউবি) দেশগুলোর মধ্য দিয়ে প্রবেশের সময় ৮ হাজার ৮৪৪ জন বাংলাদেশিকে ট্র্যাক করা হয়।
জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো’র (বিএমইটি) দেওয়া তথ্য অনুযায়ী, ২০২০ সালে মাত্র ২১ জন নিবন্ধিত অভিবাসী যুক্তরাজ্যে যান।
জাতিসংঘের ডিপার্টমেন্ট অব ইকোনমিক অ্যান্ড সোশ্যাল অ্যাফেয়ার্স (ইউএনডিইএসএ) প্রকাশিত ইন্টারন্যাশনাল মাইগ্র্যান্টস স্টক-২০২০ অনুযায়ী, মোট চার লাখ ৫৬ হাজার ৫১৬ বাংলাদেশি ২০২০ সালে ইউরোপের বিভিন্ন দেশে বসবাস করেছেন। তাদের ৬০ শতাংশই পুরুষ।