ভারতে করোনা ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়ার পরও কয়েক হাজার পুলিশ রোগটিতে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদনে বলা হয়েছে, শুধু উত্তরাখণ্ডেই ২ হাজারেরও বেশি পুলিশ এই রোগের ভুক্তভোগী।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, যারা কভিড পজিটিভ হয়েছেন তাদের মধ্যে ৯৩ শতাংশই সংক্রমণ হওয়ার আগে ডোজ নিয়েছিলেন।
এই একটি রাজ্যে এপ্রিল থেকে মে মাসের মধ্যে দায়িত্বে থাকা ২৩৪২ জন পুলিশের করোনা পজিটিভ ধরা পড়ে। এর মধ্যে ২ হাজার ২০৪ জন ইতিমধ্যে সুস্থ হয়ে উঠেছেন এবং পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
বিপুলসংখ্যক সংক্রমণের বিষয়ে জানতে চাইলে ডিআইজি (আইন শৃঙ্খলা) এবং উত্তরাখণ্ডের পুলিশের প্রধান মুখপাত্র নীলেশ আনন্দ ভারতীয় গণমাধ্যমকে বলেন, কভিডের দ্বিতীয় দাপটে তীব্রতা ও হতাহতের ঘটনা কম রয়েছে।
‘ভ্যাকসিন নির্মাতারাও স্বীকার করেছেন যে যেকোনো সময় যেকোরো করোনা হতে পারে।’
এর মধ্যে কয়েকজন পুলিশ হরিদ্বারের কুম্ভ মেলায় ডিউটিতে ছিলেন। যদিও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, তাদের মৃত্যু এবং ধর্মীয় সমাবেশের মধ্যে কোনও যোগসূত্র নেই।