প্রস্তাবিত বাজেটে ৭.২ ভাগ জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য

প্রস্তাবিত ২০২১-২২ অর্থবছরের বাজেটে মোট দেশজ উৎপাদন-জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭.২ ভাগ ধরা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

এবারের বাজেটের আকার ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা। বাজেট ঘাটতি ২ লাখ ১৪ হাজার ৬৮১ কোটি টাকা।

বাজেট প্রস্তাবে আরও বলা হয়, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পূর্বাভাস অনুযায়ী ২০২১ সালে বৈশ্বিক জিডিপি প্রবৃদ্ধি হবে ৬ শতাংশ আর ২০২২ সালে ৪.৪ শতাংশ। বিপরীতে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস হলো ২০২১ সালে ৫ শতাংশ আর ২০২২ সালে ৭.৫ শতাংশ।

বিশ্বব্যাংকের মতে, ২০২০-২১ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হবে ৩.৬ শতাংশ আর ২০২১-২২ অর্থবছরে হবে ৫.১ শতাংশ।

এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) পূর্বাভাস হলো- ২০২০-২১ অর্থবছরে ৫.৫ থেকে ৬ শতাংশ আর ২০২১-২২ অর্থবছরে হবে ৭.২ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি।

অর্থমন্ত্রী জানান, চলতি ২০২০-২১ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৫ দশমিক ২ শতাংশ অর্জিত হয়েছে। বৈশ্বিক মহামারির মধ্যে বাংলাদেশের এই জিডিপি প্রবৃদ্ধি এশিয়ার মধ্যে সর্বোচ্চ।

অবশ্য ২০২০-২১ অর্থবছরের বাজেটে ৮ দশমিক ২ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির বড় লক্ষ্য ধরা হয়েছিল।

মুস্তফা কামাল বলেন, ‘মহামারির মধ্যেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সরকার একটি বুদ্ধিদীপ্ত ও সম্প্রসারণশীল আর্থিক নীতি গ্রহণ করেছে এবং দেশের অর্থনীতিকে স্থিতিশীল রাখতে পেরেছে।’