কেরানীগঞ্জে ‘মাদকসেবনকে কেন্দ্র করে’ বন্ধুর হাতে যুবক খুন

ঢাকার কেরানীগঞ্জে বন্ধুর হাতে বন্ধু খুনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা-পুলিশ।

ঘটনাটি ঘটেছে কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের কান্দাপাড় গ্রামের কাওটাইল নামক স্থানে। নিহতের নাম হিমেল (৩৫)।

দক্ষিণ কেরানীগঞ্জ থানা-পুলিশ সূত্রে জানা যায়, হিমেলের সঙ্গে নিলয়, জীবন ও সুমন বন্ধুত্ব ছিল। তাদের মধ্যে পূর্বশত্রুতাও বিরাজমান ছিল। গত ২ জুন রাতে মাদকসেবনকে কেন্দ্র করে কাওটাইল নামক এলাকায় হিমেলের সঙ্গে নিলয়, জীবন ও সুমনের ঝগড়া হয়।

একপর্যায়ে তারা হিমেলকে লাঠি ও রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। হিমেলের চিৎকারে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে গুরুতর আহত অবস্থায় নিয়ে যায়।

চিকিৎসাধীন অবস্থায় হিমেল মৃত্যুবরণ করে। হিমেল কান্দাপাড় গ্রামের জালাল উদ্দিনের ছেলে।

এ ঘটনায় নিহতের পরিবার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে ও ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) সাহাবুদ্দিন কবিরের নির্দেশে দক্ষিণ কেরানীগঞ্জ থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ কাওটাল এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করে।

আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।