অপেক্ষার পালা শেষ হলো ফিনল্যান্ড প্রবাসী তারিক রায়হান কাজীর। বাংলাদেশ জাতীয় দলের হয়ে অভিষেক হলো তার। আরেক প্রবাসী ফুটবলার জামাল ভূঁইয়া লাল-সবুজের জার্সিতে ৫০তম ম্যাচ খেলার কীর্তি গড়লেন।
বৃহস্পতিবার বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইয়ে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। জেমি ডে প্রথম একাদশ সাজিয়েছেন তারিককে রেখেই। অধিনায়কত্বের আর্মব্যান্ড যথারীতি জামাল ভূঁইয়ার হাতে।
২০১৩ সালে কাঠমান্ডু সাফে কোচ ডি ক্রুইফের অধীনে প্রথম প্রবাসী ফুটবলার হিসেবে অভিষেক হয়েছিল জামাল ভূঁইয়ার। জামাল তার উত্তরসূরি খুঁজে পেলেন আট বছর পর। দ্বিতীয় প্রবাসী ফুটবলার হিসেবে বাংলাদেশের জার্সি গায়ে জড়ালেন তারিক।
কাতারের জসিম বিন হামাদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হয়েছে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যেকার ‘ই’ গ্রুপের ম্যাচটি।
২০১৯ সালে আফগানিস্তানের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ বাছাই পর্ব শুরু করেছিলেন জামালরা। এরপর আরো চার ম্যাচ খেলে বাংলাদেশের পয়েন্ট মাত্র ১। ভারতের মাটিতে ড্র থেকে এসেছিল সেই পয়েন্ট।
আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে পয়েন্ট পাওয়ার আশার কথা জানিয়েছে বাংলাদেশ দল।
বাংলাদেশ একাদশ
আনিসুর রহমান জিকো (গোলরক্ষক), রহমত মিয়া, তপু বর্মন, জামাল ভূঁইয়া (অধিনায়ক), মাশুক মিয়া জনি, বিপলু আহমেদ, মতিন মিয়া, সোহেল রানা, তারিক রায়হান কাজী, রিয়াদুল ইসলাম রাফি ও রাকিব হোসেন।