প্রস্তাবিত ২০২১-২২ অর্থবছরের বাজেটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই বিভাগের (জননিরাপত্তা এবং সুরক্ষা সেবা) জন্য বাজেট বরাদ্দ করা হয়েছে ২৬ হাজার ৮৯০ কোটি টাকা। এর আগের বার সংশোধিত বাজেট ছিল ২৪ হাজার ৮৮৪ কোটি টাকা। এই হিসাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এবারের বাজেটে ২ হাজার ৬ কোটি টাকা বাড়ানো হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অধীন রয়েছে বাংলাদেশ পুলিশ অধিদপ্তর, বর্ডার গার্ড বাংলাদেশ, কোস্ট গার্ড, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। তাছাড়া সুরক্ষা সেবা বিভাগের অধীনে আছে কারা অধিদপ্তর, বেসামরিক প্রতিরক্ষা ও অগ্নিনির্বাপণ অধিদপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর।
এবারের বাজেটে দেখা যায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জন্য বাজেট বরাদ্দ করা হয়েছে ২৩ হাজার ৮২ কোটি টাকা। আগের বছর ছিল (সংশোধিত) ২১ হাজার ৬৬২ কোটি টাকা। আর এই বছর সুরক্ষা সেবা বিভাগের বাজেট বরাদ্দ করা হয়েছে ৩ হাজার ৮০৮ কোটি টাকা। আগের বছর ছিল (সংশোধিত) ৩ হাজার ২২২ কোটি টাকা।