সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন স্পোক। পেন্টাগন এক বিবৃতিতে জানিয়েছে, গত বুধবার তাদের মধ্যে বৈঠক হয়েছে। ওই বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা এবং জনগণকে রক্ষায় সৌদি আরবের পাশে থাকার প্রতিশ্রুতির ওপর জোর দিয়েছে যুক্তরাষ্ট্র।
পেন্টাগনের মুখপাত্র জন কিরবি এক বিবৃতিতে জানিয়েছেন, আঞ্চলিক নিরাপত্তা, বিশেষ করে ইয়েমেন যুদ্ধের সমাপ্তি এবং সৌদি আরবের প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়নে চলমান দ্বিপাক্ষিক প্রচেষ্টা নিয়ে আলোচনা করেছেন অস্টিন এবং মোহাম্মদ বিন সালমান।
২০১৪ সাল থেকে ইয়েমেনের উত্তরাঞ্চলের বেশিরভাগ অংশ নিয়ন্ত্রণ করছে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। তারা সীমান্ত পেরিয়ে সৌদি আরবে ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে ইয়েমেনের গ্যাস সমৃদ্ধ মারিব অঞ্চল দখল করতে আক্রমণাত্মক চাপ তৈরি করছে বলেও অভিযোগ রয়েছে।
রাজধানী সানা থেকে সৌদি সমর্থিত সরকারকে হুথি বিদ্রোহীরা সরিয়ে দেওয়ার পর ২০১৫ সালে ইয়েমেন সংঘাতে হস্তক্ষেপ করে সৌদি নেতৃত্বাধীন জোট। হুথিদের দাবি, তারা দুর্নীতি ব্যবস্থাপনা এবং বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে।