গত মাসে বিমান নামিয়ে আটক করা বেলারুশের সাংবাদিক রোমান প্রোতাসেভিচকে (২৬) রাষ্ট্রীয় টেলিভিশনে হাজির করা হয়েছে। সেখানে এক সাক্ষাৎকারে সরকারবিরোধী বিক্ষোভ আয়োজনের কথা স্বীকার করেছেন তিনি। আর প্রশংসা করেছেন প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো। প্রোতাসেভিচের পরিবারের দাবি, চাপের মুখে এই সাক্ষাৎকার নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যায় রাষ্ট্রীয় টেলিভিশনে হাজির করা হয় আটক সাংবাদিক রোমান প্রোতাসেভিচকে। সেখানে তিনি দাবি করেন, নিজের ইচ্ছাতেই সাক্ষাৎকার দিতে রাজি হয়েছেন তিনি। স্বীকার করেন, আলেক্সান্ডার লুকাশেঙ্কোর পতন ঘটানোর চেষ্টা করেছেন তিনি।
গত ২৩ মে গ্রিস থেকে লিথুয়ানিয়াগামী রায়ান এয়ারের একটি বিমানকে মাঝপথে কৌশলে মিনস্কে নামতে বাধ্য করে সাংবাদিক রোমান প্রোতাসেভিচকে গ্রেপ্তার করে বেলারুশ। ভিন্নমতাবলম্বী ওই সাংবাদিককে গ্রেপ্তার করতেই ইউরোপের অভ্যন্তরীণ এই ফ্লাইটকে মিনস্কে নামতে বাধ্য করা হয়। পশ্চিমা দেশগুলোর অভিযোগ, বেলারুশ বিমান ছিনতাই করেছে। এরপরই ইউরোপের এয়ারলাইনসগুলো বেলারুশের আকাশসীমা ব্যবহার না করার সিদ্ধান্ত নেয়। একই সঙ্গে বেলারুশের এয়ারলাইনসগুলোকে ইউরোপের আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ার সিদ্ধান্ত হয়।