সাভারের আশুলিয়ায় একটি ডায়িং কারখানার ত্রুটিপূর্ণ বয়লারের গরম পানি শরীরে পড়ায় দগ্ধ হয়েছেন কর্মরত পাঁচজন শ্রমিক। এর মধ্যে চার শ্রমিকের অবস্থা গুরুতর। দুজনকে আইসিউতে ও দুজনকে বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে। দগ্ধ চার শ্রমিককে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রাখা হয়েছে বলে গতকাল শুক্রবার সকালে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ডিউটি ম্যানেজার খলিলুর রহমান।
গত বৃহস্পতিবার আশুলিয়ার কুটুরিয়া এলাকায় এসডিএস ইয়ার্ন ডায়িং নামক কারখানার বয়লারের ত্রুটিজনিত কারণে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধ শ্রমিকরা হলেন মো. হাসান (২৪), রাশেদুল (২২), আনোয়ার (২৪), ওয়াসিম (৩৫) ও সন্দীপ (২২)। তারা সবাই এসডিএস ইয়ার্ন ডায়িং কারখানার শ্রমিক। তবে গতকাল সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী শ্রমিকরা জানান, এসডিএস ইয়ার্ন ডায়িং কারখানা যেখানে বয়লারে পানি গরম করা হয় সেখানেই তারা রঙের কাজ করেন। মাঝেমধ্যেই ওই বয়লারের পানি গায়ে পড়লে আহত হন শ্রমিকরা।
এ বিষয়ে কোনো ধরনের ব্যবস্থা না নিয়ে দীর্ঘদিন ধরে বয়লারের ত্রুটি থাকার পরও কর্তৃপক্ষ শ্রমিকদের দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে সেখানেই কাজ করতে বাধ্য করায়। গত ঈদের আগে গায়ে গরম পানি পড়লে আহত হন এক শ্রমিক। বৃহস্পতিবারও একইভাবে বয়লারের গরম পানি গায়ে পড়ে পাঁচ শ্রমিক আহত হয়েছেন। এদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।
এ ব্যাপারে এসডিএস ইয়ার্ন ডায়িং কারখানার ইনচার্জ শফিকুল বলেন, ‘আমাদের কারখানায় তেমন কোনো ঘটনা ঘটেনি। সামান্য সমস্যা হয়েছিল, তা সমাধান হয়ে গেছে।’
তবে এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটি ম্যানেজার মো. শফিক বলেন, ‘গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে গরম পানিতে দগ্ধ চারজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে দুজন আইসিইউতে এবং অন্য দুজন বার্ন ইউনিটে চিকিৎসাধীন।