ব্রিটিশ নভোচারী টিম পিকের উদ্যোগে যুক্তরাজ্যের একটি প্রতিষ্ঠান চালু করতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ও গভীর সুইমিং পুল।
ব্লু অ্যাবিস নামের পুলটি স্থাপিত হচ্ছে দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের কর্নওয়ালে। ৪ কোটি ২০ লাখ লিটার পানি ধারণ ক্ষমতা সম্পন্ন ব্লু অ্যাবিস ১৭টি অলিম্পিক সুইমিং পুলের সামনে।
এ পরিমাণ পানি দিয়ে ১৬ কোটি ৮০ লাখ কাপ চা বানানো যাবে।
পুলটি গভীরতা ও দৈর্ঘ্যে ১৬৪ ফুট এবং প্রস্থে ১৩১ ফুট।
১৫ কোটি পাউন্ডে নির্মিত এ পুলে উৎসাহীরা সাঁতার কেটে হতাশ হতে পারেন, তবে ব্লু অ্যাবিস মূলত ‘চরম পরিবেশ’কে মাথায় রেখে তৈরি হচ্ছে।
এখানে পানির তলের প্রযুক্তি, বিশেষ করে সমুদ্রতলের রোবোটিক্স ও মিনি সাবমারসিবল পরীক্ষা করা যাবে। নভোচারী ও ডুবুরিরা প্রশিক্ষণের জন্য হাইপারব্যারিক ও হাইপোব্যারিক চেম্বার এবং মাইক্রোগ্র্যাভাটি সুট ব্যবহারের সুবিধা পাবেন।
ব্লু অ্যাবিসের প্রধান নির্বাহী জন ভিকার্স এক বিবৃতিতে জানান, মহাকাশ প্রযুক্তি, সমুদ্র তীর থেকে দূরে জ্বালানি অনুসন্ধান, পানির তলের রোবোটিক্স, মানুষের দেহতত্ত্ব, প্রতিরক্ষা, অবকাশ ও সামুদ্রিক শিল্পের গবেষণা এবং শিশু ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য দারুণ একটি শিক্ষা কেন্দ্র হবে এটি।
ব্রিটিশদের মধ্যে টিম পিক প্রথম নভোচারী যিনি ২০১৫ সালে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে পা রাখেন এবং সেখানে ছয় মাস ছিলেন। সেখানে একটি ট্রেডমিল স্থাপন করেন ম্যারাথন দৌড়ের রেকর্ড করেন।
ব্লু অ্যাবিসের সঙ্গে যুক্ত হতে পেরে নিজেকে ‘গর্বিত’ বলে এক বিবৃতিতে দাবি করেন টিম। তার মতে, চরম পরিবেশে মানুষ ও প্রযুক্তি কীভাবে কাজ করবে এ পুল সেই জ্ঞান বিস্তৃত করবে। এতে মানুষ ও এই গ্রহ উপকৃত হবে।
ইতিমধ্যে পুলের পকিল্পনার অনুমতি চেয়েছে ব্লু অ্যাবিস। সঙ্গে জানিয়েছে, ২০২৩ সালে উন্মুক্ত হবে এ পুল।