দায়িত্ব পালনকালে দুর্নীতিমুক্ত থাকবেন এবং কারো ক্ষতি করবেন না বলে জানিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেন।
শনিবার (৫ জুন) বেলা সাড়ে ১১টায় বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের লিয়াকত আলী মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, ‘আমি নিশ্চয়তা দিয়ে বলতে পারি, আমার মেয়াদে কোনো শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী প্রতিহিংসার শিকার হবেন না এবং কোনো অনিয়ম-দুর্নীতি আমাকে স্পর্শ করতে পারবে না। আমি সবার সহযোগিতা নিয়েই বিশ্ববিদ্যালয় পরিচালনা করতে চাই। আশা করি গঠনমূলক আলোচনা-সমালোচনা করার মাধ্যমে আমরা খুলনা বিশ্ববিদ্যালয়কে আরো সামনের দিকে এগিয়ে নেব’।
এ সময় তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের একটি উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানে পরিণত করার জন্য আমরা ইতিমধ্যে বিভিন্ন পরিকল্পনা নিয়েছি। করোনাভাইরাস শনাক্তে আরটি পিসিআর ল্যাব চালুর ব্যাপারেও কাজ শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বদ্ধভূমি সংরক্ষণের মহাপরিকল্পনা ও আমরা গ্রহণ করব।
রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক খান গোলাম কুদ্দুসের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক সাধন রঞ্জন ঘোষ, ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক শরীফ হাসান লিমন প্রমুখ।