মোবাইল ফোনে ফ্রি-ফায়ার ও পাবজি গেম খেলতে না দেওয়ায় সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়নের চন্দনগাঁতী জামতলা গ্রামে গত শুক্রবার বিকেলে মোরসালিন (১৬) নামে এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
মোরসালিন ওই গ্রামের শাহ আলম মল্লিকের ছেলে। সে সরকারি সোহাগপুর এসকে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল।
বেলকুচি থানার ওসি গোলাম মোস্তফা জানান, মোরসালিন দীর্ঘদিন ধরে মোবাইল ফোনে ফ্রি-ফায়ার ও পাবজি গেমে আসক্ত ছিল। তার মা ৩ দিন আগে মোবাইলে গেম খেলা নিষেধ করে মোবাইল ফোন কেড়ে নেয়। এরপর থেকে সে ভাত খাওয়া ছেড়ে দেয়। এ নিয়ে মায়ের সঙ্গে মনোমালিন্যও হয়। গত শুক্রবার বিকেলে সে অভিমান করে নিজ ঘরে গলায় দড়ি দিয়ে ফাঁসিতে আত্মহত্যা করে। খবর পেয়ে বেলকুচি থানার পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।