ঢাকা দক্ষিণের মেয়র পুরান ঢাকার অলিগলি চেনেন না: ইশরাক

বিএনপির পররাষ্ট্রবিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন বলেছেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্তমান মেয়র পুরান ঢাকার অলিগলি চেনেন না। এ জন্য সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা হলেও তা নিরসনে ভূমিকা রাখতে পারছেন না তিনি।

শনিবার জাতীয় প্রেসক্লাবে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিএনপির উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব বলেন।  

নিজেকে পুরান ঢাকার সন্তান উল্লেখ করে তিনি বলেন, আমি পুরান ঢাকার সব অলিগলি ঘুরে দেখেছি। সেখানে বর্জ্য ব্যবস্থাপনার ব্যাপক সমস্যা রয়েছে। কোন ব্যবস্থাপনা না থাকায় বিভিন্ন বর্জ্য রাস্তার ওপরই রাখা হয়। আবার সামান্য বৃষ্টিতেই সব অলিগলিতে পানি এসে সেই বর্জ্য আর পানি মিলে অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়। কিন্তু এসব নিয়ে কোনো  মাথাব্যথা নেই।

ইশরাক বলেন, বাংলাদেশের উন্নয়ন আজ দুর্বৃত্ত ও পুঁজিবাদীদের হাতে বন্দি। তাই যেকোনো উন্নয়ন কাজে কীভাবে সর্বোচ্চ মুনাফা করা যায় সেদিকেই নজর থাকে তাদের। পরিবেশের প্রতি কোনো নজরই নেই তাদের। এসবের জন্য গণতন্ত্রের অনুপুস্থিতি এবং জবাবদিহিমূলক সরকার না থাকাই দায়ী।

বিকেলে সেচ্ছাসেবক দল, ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক রক্তদান কর্মসূচিতে অংশ নেন ইশরাক হোসেন। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ঢাকা মহনগর দক্ষিণের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, সাধারণ সম্পাদক জনাব কাজী আবুল বাসার।