বছরের শুরু থেকেই টানা ম্যাচ খেলে আসছে বাংলাদেশ। দুই সিরিজের মাঝে অল্প কিছুদিনের বিশ্রাম বাদে টানা কোয়ারেন্টাইন-বায়ো বাবলের মধ্যেই আছেন জাতীয় দলের ক্রিকেটাররা। এখন সিরিজ নেই কিন্তু ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টির জন্যও জৈব সুরক্ষা বলয়ে তারা। টানা খেলার ধকল সামলানো এমনিতেই ক্রিকেটারদের জন্য কঠিন। করোনার সময়ে কোয়ারেন্টাইন-বায়ো বাবলে থেকে খেলা আরও কঠিন। তাই মানবিক বিবেচনায় আসন্ন জিম্বাবুয়ে সফরে বেশ কয়েকজন ক্রিকেটারকে বিশ্রাম দেওয়া হতে পারে। গতকাল নির্বাচক প্যানেলের নবীনতম সদস্য আবদুর রাজ্জাক এমনটাই আভাস দিলেন।
২৭ জুন ডিপিএল শেষ হওয়ার কথা। এরপর হাতেগোনা ক’দিনের বিশ্রাম। জুলাইয়ের শুরুতে জিম্বাবুয়ে যাবে বাংলাদেশ। সেখানে ৭ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। ধকল সামলাতে এ সিরিজ থেকে বেশ ক’জন অভিজ্ঞ ক্রিকেটার বিশ্রাম নিতে পারেন বলে গুঞ্জন। রাজ্জাক বলেন, ‘অবশ্যই ভাবছি আমরা (বিশ্রামের ব্যাপারে)। যারা জাতীয় দলে নিয়মিত তাদের কথা একটু মনোযোগ দিয়ে চিন্তা করেন তারা কতদিন বাইরে। আমরা শুধু পারফরম্যান্স দেখতে চেষ্টা করি। কিন্তু তাদের দিকটাও বিবেচনায় রাখা উচিত। এরকম একটা চিন্তা করা হচ্ছে যেন ঘুরিয়ে ফিরিয়ে বিশ্রাম দেওয়া যায়, আরেকটা জিনিস হলো বোর্ড যদি অনুমতি দেয় তাহলে ফ্যামিলি এক সঙ্গে থাকতে পারবে।’
করোনার কারণেই ঘুরিয়ে ফিরিয়ে বিশ্রামের বিষয়টি এখন স্বাভাবিক। এখনো কোনো ক্রিকেটার ছুটির আবেদন করেননি বলে জানান রাজ্জাক।
প্রতিপক্ষ (জিম্বাবুয়ে) সহজ বলেই বিশ্রামের বিষয়টি সামনে আসছে এমন ভাবনা নাকচ করে দিয়েছেন রাজ্জাক। জিম্বাবুয়েকে তাদের মাটিতে কঠিন প্রতিদ্বন্দ্বী হিসেবেই দেখছেন। তবে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তান নয় বলেই কিছুটা নমনীয় হতে পারে বোর্ড। জানান কোনো ক্রিকেটার বিশ্রামের আবেদন জানালে তা বিবেচনা করা হবে। বোর্ডই বিষয়টা চূড়ান্তভাবে দেখবে। সফরে দলের সঙ্গে যেতে পারেন আবদুর রাজ্জাক। সেক্ষেত্রে দলের সঙ্গে বিদেশ সফরটা এবার খেলোয়াড় নয় নির্বাচক হিসেবে।