ছিনতাই মামলা

কুমিল্লায় ১২ ঘণ্টায় তদন্ত শেষে চার্জশিট

কুমিল্লায় ছিনতাইয়ের ঘটনায় ১২ ঘণ্টার মধ্যে তদন্ত, আসামি গ্রেপ্তার ও আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ। গত বৃহস্পতিবার নগরীর সুজানগর এলাকায় একটি সিএনজি ছিনতাই করে দুর্বৃত্তরা। গত শুক্রবার এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় মামলা করেন সিএনজি মালিক। এ সময় পুলিশ অভিযান চালিয়ে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করে। এ ঘটনায় মামলা দায়েরের ১২ ঘণ্টার মধ্যেই তদন্ত শেষ করে আদালতে চার্জশিট দাখিল করে কোতোয়ালি মডেল থানা পুলিশ। 

গতকাল শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জেলা পুলিশ জানায়, গত ৩ জুন বৃহস্পতিবার তিন ছিনতাইকারী চালককে অস্ত্রের মুখে জিম্মি করে নগরীর সুজানগর পানির ট্যাংকের সামনে থেকে একটি সিএনজি ছিনতাই করে। এছাড়া চালকের মোবাইল ফোন ও নগদ অর্থও ছিনিয়ে নেওয়া হয়।

এ ঘটনায় সিএনজির মালিক ফরহাদ হোসেন বাবু শুক্রবার কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। এতে পুলিশ অভিযান চালিয়ে ছিনতাই হওয়া সিএনজি এবং চালকের মোবাইল ফোন ও নগদ অর্থ উদ্ধার করে। এ সময় ছিনতাইকারী সুজানগর এলাকার বিডিআর রফিক মিয়ার ছেলে আব্দুস সামাদ (৩৫) এবং একই এলাকার আবুল কাশেমের ছেলে শাহজাহান ওরফে কালুকে গ্রেপ্তার করা হয়।