রাত তখন দেড়টা। হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে যায় অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা জয়নাল আবেদীন সরকারের। কমতে থাকে অক্সিজেন স্যাচুরেশন। অনন্যোপায় হয়ে ডবলমুরিং থানায় ফোন দিলেন স্বজনরা। সঙ্গে সঙ্গে অক্সিজেন সিলিন্ডার নিয়ে বাসায় হাজির পুলিশ সদস্যরা। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অক্সিজেন সাপোর্ট দেওয়া হয় রোগীকে। গত শুক্রবার চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, রূপালী ব্যাংকের চট্টগ্রামের রিজিওনাল ম্যানেজার ছিলেন জয়নাল আবেদীন সরকার। চাকরি থেকে অবসর নিয়েছেন বেশ আগেই। ৮৫ বছর বয়স্ক অবসরপ্রাপ্ত এই ব্যাংক কর্মকর্তা দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছেন।
সিএমপির ডবলমুরিং থানার ওসি মো. মহসীন দেশ রূপান্তরকে বলেন, চট্টগ্রাম মহানগরের ১৬ থানায় বিনামূল্যে অক্সিজেন সেবা চালু করেছে সিএমপি। ফোন করলে পুলিশ নিজেই বাসায় অক্সিজেন পৌঁছে দেয়। শুক্রবার রাত ১টা ৩০ মিনিটের দিকে থানায় ফোন করে অসুস্থ জয়নাল আবেদীন সরকারের স্বজনরা। ফোন পাওয়ার পরপর অক্সিজেন সিলিন্ডার নিয়ে তার বাসায় যায় পুলিশ।