আরো কিছুদিন হাসপাতালে থাকতে হবে খালেদা জিয়াকে

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হলেও এখন পর্যন্ত শঙ্কামুক্ত নন। কোভিড পরবর্তী বেশ কিছু জটিলতায় ভোগার কারণে তাকে আরো কিছুদিন হাসপাতালে থাকতে হবে। 

রবিবার দেশ রূপান্তরকে এসব জানিয়েছেন খালেদা জিয়ার চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

কবে নাগাদ খালেদা জিয়া বাসায় ফিরতে পারেন জানতে চাইলে জাহিদ বলেন, চিকিৎসকরা যেদিন ছাড়পত্র দেবেন সেদিন খালেদা জিয়াকে বাসায় নেয়া হবে। 

তিনি বলেন, 'গত এক সপ্তাহে ম্যাডামের (খালেদা জিয়া) শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় তাকে করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। এখন তিনি কেবিনেই আছেন। সেখানে তার চিকিৎসা চলছে। ওনার পোস্ট কোভিড জটিলতা থেকে কিছুটা উন্নতি হয়েছে। এটাকে বড় ধরনের উন্নতি বলার সুযোগ নেই। তাই তাকে এখনি বিপদমুক্ত বলা যাচ্ছে না। ফলে, আমরা তাকে আরো কিছুদিন পর্যবেক্ষণ করে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নেয়া হবে'।

জাহিদ বলেন, 'খালেদা জিয়া এখনো তরল জাতীয় খাবার খাচ্ছেন। হাসপাতালে ভর্তি হওয়ার পর বাইরে থেকে, অর্থাৎ তার আত্মীয়-স্বজনরাই চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী খাবার নিয়ে আসেন'।

হাসপাতাল কর্তৃপক্ষের অনুরোধে খালেদা জিয়ার পরিবারের সদস্যরা বাদে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার ছাড়া অন্য কেউ তাকে দেখতে হাসপাতালে যান না।