চ্যালেঞ্জ নিতেই আমি অভ্যস্ত: শ্রাবণ্য তৌহিদা

জনপ্রিয় উপস্থাপিকা শ্রাবণ্য তৌহিদা। ২০১৫ সাল থেকে ক্রিকেট বিষয়ক অনুষ্ঠান উপস্থাপনার সঙ্গে সম্পৃক্ত। ক্রিকেট ম্যানিয়া, ক্রিকেট এক্সট্রা, চ্যাম্পিয়ন চ্যাম্পিয়নস ট্রফি, বিশ্বকাপ ফুটবল, ক্রিকেট বিশ্বকাপ ২০১৫, ‘বঙ্গবন্ধু বিপিএল’সহ একাধিক জনপ্রিয় অনুষ্ঠান উপস্থাপনা করে দর্শক নন্দিত হয়েছেন তিনি। সাম্প্রতিক কাজ নিয়ে শ্রাবণ্য তৌহিদা কথা বললেন দেশ রূপান্তরের সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন সুদীপ্ত সাইদ খান

সময় কেমন কাটছে?

সময় ভালো কাটছে। আমি যেহেতু চিকিৎসক, ফলে আমাকে নিয়মিত ডিউটি করতে হচ্ছে। পাশাপাশি কিছু শো’ও করছি।

করোনার ভেতরেই এতসব কাজ সামলাচ্ছেন কিভাবে?

ইচ্ছে থাকলে উপায় হয়। চেষ্টা করছি সবকিছু সুন্দরভাবে সামলানোর। যতটা সচেতন থেকে কাজগুলো করা যায় সেটা বজায় রাখার চেষ্টা করছি।

হাতে কি কি কাজ আছে?

বেশ কিছু কাজ হাতে আছে। এর মধ্যে উপস্থাপনার কাজ যেমন আছে, তেমনি একটি ওভিসিও আছে। এর বাইরে দুটি নাটকের প্রস্তাব পেয়েছি। গত ঈদে তো কোনো নাটকের কাজ করতে পারিনি সময়ের অভাবে। এবার নাটকের কাজগুলোও করব।

গত রমজানে পুরো মাস জুড়ে একটা প্রোগ্রাম করলেন। ওটার রেসপন্স কেমন পেয়েছেন?

আমার উপস্থাপনায় গত রমজান মাসে আটটি চ্যানেলে একযোগে প্রচারিত হয়েছে ইফতারবিষয়ক একটি অনুষ্ঠান। একই সঙ্গে আটটা চ্যানেলে প্রচারিত হয়েছে অনুষ্ঠানটি, ফলে সবাই মোটামুটি দেখেছে। রেসপন্স ভালোই পেয়েছি। এ ছাড়া ঈদে টানা সাত দিন লাইভ শো করেছি। এ ছাড়া একাধিক অনুষ্ঠানেও হাজির হয়েছি অতিথি হিসেবে।

জেমসের ক্যামেরায় সম্প্রতি আপনার দেখা মিলেছে, তো জেমসের মডেল হওয়ার অনুভূতি কেমন ছিল?

জেমস ভাই আমার খুব পছন্দের একজন মানুষ। রমজানের আগে একদিন তার ম্যানেজার আমাকে ছবি তোলার কথা বলেন। সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাই। আমি কখনো চিন্তা করিনি ওনার মডেল হবো।

উপস্থাপনা করতে কেমন লাগে?

উপস্থাপনা করতে সব সময় ভালো লাগে কারণ এটা চ্যালেঞ্জিং। অনেক দিন ধরে উপস্থাপনা করার ফলে এটা অভ্যস্ত হয়ে গেছে। এখন বেশ এনজয় করি। সেটা ক্রিকেটের শো হোক আর অন্য কোনো সেলিব্রিটি শো হোক, সেটা এখন আর ম্যাটার করে না, কারণ চ্যালেঞ্জ নিতেই আমি অভ্যস্ত।

উপস্থাপনা ভালো করার গোপন মন্ত্র কি?

শো যদি খেলার হয়ে থাকে তাহলে খেলাটা পুরোপুরি দেখার চেষ্টা করি। খেলা বিষয়ক পড়ালেখার চেষ্টা করি। প্রত্যেক খেলার আগেই আমি হোমওয়ার্ক করে নিই। খেলা বিষয়ক দেশি-বিদেশি ওয়েব সাইটগুলো ঘেঁটে দেখি। সেখান থেকে তথ্য জানি। ক্রিকেট সম্পর্কে সব সময় আপডেট থাকার চেষ্টা করি। আর সেলিব্রিটি শো হলে যিনি আমার গেস্ট ওনার সম্পর্কে জেনে নিই আগে ভাগেই। ফলে এক ধরনের প্রস্তুতি নিয়েই মাঠে নামি।

উপস্থাপনা দেখে আপনার ভক্ত বা কাছের লোকজন কি বলে?

এখন তো সবাই ভালো বলে। আগে যারা সমালোচনা করত তারাও এখন প্রশংসা করে। আর আমি তো মনে করি আগের চেয়ে এখন আমি অনেক ম্যাচিউরড।