বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদ্যাপনে বন্ধুত্বের উপহার হিসেবে প্রথমবারের মতো ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশে আয়োজন করতে চলেছে চলচ্চিত্র উৎসব (বিইইউএফএফ)।
৯ থেকে ৩০ জুন পর্যন্ত এই অনলাইন চলচ্চিত্র উৎসবে থাকছে বাংলাদেশের ৭টি ও ইউরোপের ৭টি পূর্ণদৈর্ঘ্য এবং ৭টি আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এর মধ্যে ৩টি বাংলাদেশি চলচ্চিত্র প্রথমবারের মতো বাংলাদেশে দেখানো হবে। এ ছাড়া বিদেশি চলচ্চিত্রগুলোতে থাকছে বাংলায় সাবটাইটেল।
ঘরে বসেই সম্পূর্ণ বিনা মূল্যে উপভোগ করা যাবে এই চলচ্চিত্রগুলো। যা এরই মধ্যে আন্তর্জাতিক নানা চলচ্চিত্র উৎসবে কুড়িয়েছে প্রশংসা ও আন্তর্জাতিক পুরস্কার। নারীর ক্ষমতায়ন, জলবায়ূ পরিবর্তনসহ নানা বিষয় থাকছে চলচ্চিত্রগুলোতে। ভালোবাসা, আবেগ, অনুভূতি, হাস্যরস আর সংঘাতের গল্পগুলো ভাষা ও সীমানার বাধা পেরিয়ে কাছে টানবে দর্শকদের।
এর পাশাপাশি বাংলাদেশ ও ইউরোপের চলচ্চিত্র নির্মাতা ও শিল্পীদের নিয়ে থাকবে চলচ্চিত্র নির্মাণ ওয়ার্কশপ, প্রশ্নোত্তর পর্ব আর তাদের নানান অভিজ্ঞতার গল্প। এই উৎসবের যাবতীয় আপডেট পাওয়া যাবে ফিল্ম ফেস্টিভ্যালের ফেসবুক ইভেন্ট পেজ ও ওয়েবসাইটে (www.beuff.org)।