কোপায় খেলবে আর্জেন্টিনা

স্বাগতিক ব্রাজিলের খেলা নিয়ে সংশয় থাকলেও করোনা পরিস্থিতির মধ্যেই কোপা আমেরিকায় খেলার সিদ্ধান্ত নিয়েছে আর্জেন্টিনা। ১৩ জুন থেকে শুরু মহাদেশীয় টুর্নামেন্টে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করে আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে বলেছে, ‘ফুটবল ইতিহাসে দলটি যে ক্রীড়া চেতনা দেখিয়েছে তার আলোকে কোপা আমেরিকা-২০২১ এ আর্জেন্টিনা অবশ্যই অংশ নেবে।’ আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি বলেছেন, ‘আমরা অংশ নিতে চাই। নিশ্চিতভাবেই, ব্রাজিলের করোনাভাইরাস পরিস্থিতি আমাদের মতোই, অথবা এর চেয়েও খারাপ। সেই বিবেচনায়, সেখানে খেলতে যাওয়ার সিদ্ধান্তে একমত হওয়া কঠিন। ইন্টারনেট।

 তারপরও আমাদের সেখানে যেতে হবে। আমরা খেলব এবং কোপা আমেরিকা অভিযান যতটা সম্ভব ভালো করার চেষ্টা করব। তবে, অজানা অনেক সমস্যা আছে।’ এবারের কোপা দুই দেশের যৌথভাবে আয়োজনের কথা ছিল। কিন্তু কলম্বিয়ায় সরকারবিরোধী আন্দোলন এবং আর্জেন্টিনায় করোনাভাইরাস পরিস্থিতির অবনতি হওয়ায় দেশ দুটি থেকে টুর্নামেন্ট সরিয়ে ব্রাজিলে নেওয়া হয়।