আটাশি দিনের ছুটি নিয়ে স্বামীর সঙ্গে দেখা করতে কানাডায় পাড়ি জমান রাজধানীর সরকারি বাংলা কলেজের প্রভাষক আফরিনা হাশেম। তবে তার ছুটির আবেদনে দেশের বাইরে যাওয়ার কথা উল্লেখ ছিল না। এর মধ্যে আড়াই বছর পার হলেও তিনি কর্মস্থলে যোগ দেননি। এ ঘটনায় ওই প্রভাষকের বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
গতকাল সোমবার প্রভাষক আফরিনা হাশেমকে কারণ দর্শানোর নোটিস দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। নোটিসে ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’-এর অভিযোগ আনা হয়েছে।
সরকারি চাকরি বিধিমালা অনুযায়ী ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’-এর অভিযোগে ওই শিক্ষককে অভিযুক্ত করা হয়েছে। এই অভিযোগে কেন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না তা আগামী ১০ কার্যদিবসের মধ্যে লিখিতভাবে জানাতে বলা হয়েছে।