বাগেরহাটে গত ২৪ ঘণ্টায় আরও ৫৩ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। ১৩৯টি নমুনা পরীক্ষায় ৫৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।
বাগেরহাট জেলায় গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণের হার ৩৮ শতাংশ। যা গত ২৪ ঘণ্টার তুলনায় ৭ শতাংশ কম। জেলার সবচেয়ে ঝুঁকিতে থাকা মোংলায় গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার ৫৩ শতাংশ বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
অন্যদিকে, জেলার ফকিরহাট উপজেলায় করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করেছে। ফকিরহাটে গত ২৪ ঘণ্টায় ১৪ জনের শরীরে করোনা পজিটিভ হয়েছে। এখানে শনাক্তের হার ৪৮ শতাংশ।
তবে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে এই জেলায় কারও মৃত্যু হয়নি।
বাগেরহাটের করোনা আক্রান্ত রোগীদের নিরবচ্ছিন্ন অক্সিজেন সরবরাহের জন্য স্থাপিত সেন্ট্রাল অক্সিজেন প্লান্টে সাত হাজার লিটার অক্সিজেন রিজার্ভ করা হয়েছে।
আগামী তিন মাস রোগীদের এই অক্সিজেন সরবরাহ করা যাবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
এদিকে, জেলার সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা মোংলা উপজেলায় প্রশাসনের ৩০ মে থেকে আরোপিত কঠোর বিধিনিষেধ ঢিলেঢালাভাবে চলছে।
প্রশাসনের তদারকির মধ্যে লুকোচুরি করে চলছে স্থানীয়দের চলাফেরা।
বাগেরহাট সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল কর্মকর্তা ও করোনাভাইরাসের তথ্য কর্মকর্তা সুব্রত দাস সকালে এই প্রতিবেদককে বলেন, বাগেরহাটে গত ২৪ ঘণ্টায় সংগ্রহ করা ১৩৯টি নমুনার মধ্যে ৫৩টি পজিটিভ হয়েছে। আক্রান্তের হার ৩৮ শতাংশ।
গত ২৪ ঘণ্টার তুলনায় সাত শতাংশ কম। তবে সবচেয়ে ঝুঁকিতে থাকা মোংলা উপজেলার অবস্থা অপরিবর্তিত রয়েছে।
গত ২৪ ঘণ্টায় মোংলায় সংক্রমণের হার ৫৩ শতাংশ। মোংলাতে সংক্রমণের হার ওঠানামা করছে। অন্যদিকে জেলার ফকিরহাট উপজেলায় সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। ২৪ ঘণ্টায় ২৯টি নমুনার মধ্যে ১৪টি পজিটিভ হয়েছে।
বাগেরহাটের করোনা আক্রান্ত রোগীদের নিরবচ্ছিন্ন অক্সিজেন সরবরাহের জন্য স্থাপিত সেন্ট্রাল অক্সিজেন প্লান্টে সাত হাজার লিটার অক্সিজেন রিজার্ভ করা হয়েছে।
আগামী তিন মাস রোগীদের এই অক্সিজেন সরবরাহ করা যাবে বলে জানান এই স্বাস্থ্য কর্মকর্তা।