প্রাইভেটকারটিকে ৫০ গজ হিঁচড়ে নিয়ে গেল ট্রেন, আহত ৩ পুলিশ

নরসিংদীর রায়পুরায় ট্রেনের ধাক্কায় প্রাইভেটকার আরোহী তিন পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। প্রাইভেটকারটিকে ট্রেনটি প্রায় ৫০ গজ টেনে হিঁচড়ে নিয়ে যায়।

সোমবার দিবাগত রাত ২টায় উপজেলার সাপমারা রেলক্রসিংয়ে রেললাইন পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন- রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) শাহীন মিয়া, মনোয়ার হোসেন ও কনস্টেবল সালাহ উদ্দিন।

রায়পুরা থানার সেকেন্ড অফিসার দেব দুলাল জানান, সোমবার দিবাগত রাতে রায়পুরা থানা-পুলিশের একটি দল গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ধরতে গিয়েছিলেন। এদের মধ্যে তিনজন পুলিশ সদস্য ছিলেন একটি প্রাইভেটকারে ও সিএনজিতে ছিলেন আরও দুইজন পুলিশ।

রাত পৌনে দুইটায় প্রাইভেটকারটি সাপমারা রেল ক্রসিং পার হাওয়ার সময় ঢাকা থেকে চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেস এর সঙ্গে সংঘর্ষ হয়।

প্রাইভেটকারটিকে ট্রেনটি প্রায় ৫০ গজ টেনে হিঁচড়ে নিয়ে যায়। গাড়িটি পুরো দুমড়ে-মুচড়ে যায়। এ সময় গাড়িতে থাকা তিন পুলিশ সদস্য গুরুতর আহত হয়।

পরে পেছনের সিএনজিতে থাকা পুলিশ সদস্যরা তাদেরকে উদ্ধার করে থানায় খবর দেন। তাদেরকে চিকিৎসার জন্য ঢাকার একটি বেসরকারি  হাসপাতালে পাঠানো হয়। আহত পুলিশ সদস্যদের মধ্যে এসআই শাহীন ও মনোয়ারের অবস্থা আশঙ্কাজনক।

তিনি আরও জানান, সাপমারা রেলক্রসিং এ অন্যান্য দিন গেটম্যান থাকলেও ঘটনার সময় ক্রসিংয়ে কেউ ছিল না। রেল ক্রসিংটি অরক্ষিত ছিল।

নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ইনামুল হক সাগর বলেন, তিনজনকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। একজন আজ রিলিজ পেয়ে যাবে আশা করি। বাকি দুজন একটু বেশি আঘাত পেয়েছে।