ওবায়দুল কাদেরের উপহারের ঘড়ি নিয়ে যা বললেন গয়েশ্বর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বর্তমানে দলের সবাই নেতা, কর্মী নেই। এখন শতকরা ৮০ জন নেতা, ২০ জন কর্মী।

তিনি বলেন, ‘যেদিন সবাই কর্মী হবে আর সামনে একজন নেতা হবে, সেদিন গণতন্ত্র মুক্তি পাবে।’

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় গয়েশ্বর এসব কথা বলেন।

তিনি বলেন, ‘জিয়াউর রহমান বন্দনা পছন্দ করতেন না। তাকে যদি কেউ বিশেষণ দিয়ে কথা বলতেন, তিনি তাকে বসিয়ে দিতেন। কিন্তু কেউ যদি তার সমালোচনা করতেন তিনি তাকে উৎসাহ দিতেন।’

‘আমরা এখন কমবেশি সবাই বন্দনা পছন্দ করি। জিয়াউর রহমান ভাষণ-স্লোগান দিয়ে রাজনীতি করতেন না। তিনি উৎপাদনের রাজনীতি করতেন’ যোগ করেন বিএনপির জ্যেষ্ঠ এ নেতা।

তিনি বলেন, ‘জিয়া তিন তরকারি দিয়ে ভাত খেতেন। মাছ থাকলে মাংস থাকতো না, মাংস থাকলে মাছ থাকতো না; সঙ্গে ডাল এবং ভাজি দিয়ে খেতেন।’

গয়েশ্বর বলেন, ‘রাষ্ট্রপতি থাকাকালীন জিয়াউর রহমান যে উপহার পেতেন তা রাষ্ট্রীয় কোষাগারে জমা রাখতেন। আর এখনকার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উপহারের ঘড়ি হাতে দিয়ে রাখেন। এখনকার নেতারা মার্সিডিজ গাড়ি ছাড়া চলাচল করেন না। আর জিয়াউর রহমান মাত্র ১৩শ’ সিসির গাড়ি ব্যবহার করতেন।’

ঢাকা মহানগর উত্তর বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি বজলুল বাসিত আঞ্জুর সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, শহিদুল ইসলাম বাবুল প্রমুখ।